spot_img

৩৩ কেজির পোশাক, ১.৮ কেজির মুকুট—যশের রাবণ সাজে চমক!

অবশ্যই পরুন

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই অভিনেতার চরিত্র নিয়ে কম আলোচনা হয়নি। ট্রেলারের পরই প্রশংসা পেতে শুরু করেন তিনি। সিনেমাটিতে রাবণের চরিত্র তিনি পর্দায় তুলে ধরেছেন নিখুঁত ভাবে। বিশেষ করে নজর কেড়েছে তার পোশাক আর মুকুট।

সিনেমাটিতে রাবণকে পর্দায় জীবন্ত করে তুলতে তার সাজসজ্জায় রাখা হয়েছে বিশেষ চমক। তবে সেই সাজ যে অভিনেতার জন্য কতটা কষ্টকর ছিল, এবার সামনে এলো সেই তথ্য। রাবণের পোশাকের ওজন শুনলে রীতিমতো অবাক হবেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ‘রামায়ণ’ সিনেমাটির কস্টিউম ডিজাইনার সানিয়া সারধারিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাবণের চরিত্রে যশের অধিকাংশ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। এর মধ্যে গয়না ও অন্যান্য অনুষঙ্গও ছিল। তবে বিশেষ কিছু দৃশ্যে যশকে আরও ভারী পোশাক পরতে হয়েছে। লঙ্কার সঙ্গে সম্পর্কিত রাবণের সাজ, তার বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানের পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি।

এখানেই শেষ নয়, রাবণের মুকুটের ওজনও কম নয়। ডিজাইনার জানিয়েছেন, মুকুটটি তৈরি করাই ছিল সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কারণ মাথায় সামান্য অতিরিক্ত ওজনও দীর্ঘ সময় ধরে বহন করা বেশ কষ্টকর। এ কারণে মুকুটের নকশা চূড়ান্ত করার আগে একাধিক থ্রিডি নমুনা তৈরি করা হয়েছিল। এরপর সেটির ওজন কমানোর জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা চলে। সব চেষ্টা শেষে মুকুটটির ওজন দাঁড়ায় ১.৮ কেজি। ডিজাইনারের ভাষায়, এর চেয়ে আর হালকা করা সম্ভব হয়নি।

ভারী পোশাক ও মুকুটের কারণে শুটিংয়ের সময় যশের চলাফেরাও বেশ সীমিত হয়ে পড়ত। দীর্ঘ সময় এমন পোশাক পরে থাকা ছিল শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং। তবে বিষয়টি হাসিমুখেই সামলেছেন অভিনেতা। বরং পোশাকের ধারালো অংশগুলো নিয়ে মাঝেমধ্যে সহকর্মীদের সঙ্গে মজা করতেন তিনি।

উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে। নমিত মালহোত্রা প্রযোজিত সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান ও হ্যান্স জিমার। দুই পর্বে নির্মিত সিনেমাটির প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয় পর্ব আসবে ২০২৮ সালে।

সর্বশেষ সংবাদ

দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেল মার্টিন বেনকেনস্টাইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩ ওয়ানডে খেলেছিলেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ