নারায়ণগঞ্জের একটি খামারে বেড়ে ওঠা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বড় খোরাকে পরিণত হয়েছে। ভারত, পাকিস্তান, তুরস্কের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও আমেরিকার মূলধারার গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে ৭০০ কেজি ওজনের এই সাদা মহিষটি।
বিষয়টি নজর এড়ায়নি তেহরানেরও। এরপরই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান।
গতকাল শুক্রবার (২২ মে) রাশিয়ায় অবস্থিত ইরান দূতাবাস তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করে। সেখানে ক্যাপশনে তারা লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত বোধ করছে।’

ইরান দূতাবাসের শেয়ার করা ভিডিওটি মূলত রুশ আন্তর্জাতিক গণমাধ্যম ‘আরটি’ (রাশিয়া টুডে)-র তৈরি। ভিডিওটির সঙ্গে আরটি-র মূল শিরোনামটিও যুক্ত করে দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে— ‘ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে ভিড় করছেন বহু মানুষ। এ কারণে তার খাওয়ার রুচিও চলে গেছে।’
খামার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের রঙের সঙ্গে মিল থাকায় শখ করে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। সোনালি আভার চুল আর ভিন্নধর্মী দৈহিক গঠনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দ্রুত ভাইরাল হয়। বিশাল আকৃতির এই মহিষটিকে একনজর দেখতে ঢাকার কাছের জেলা নারায়ণগঞ্জের ওই এগ্রো ফার্মে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী।

