অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহেই ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এ ছাড়া দেশজুড়ে চালানো এক সপ্তাহের বিশেষ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। খবর গালফ নিউজের।
শনিবার (১০ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।
মন্ত্রণালয় আরও জানায়, যথাযথ প্রক্রিয়া সম্পন্নের পর ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, বাসস্থান বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

