পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি ১৮ মে ২০২৬ তারিখে ওয়াশিংটন ডিসিতে এক সংক্ষিপ্ত সফর শেষ করেছেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর (এসসিএ) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে শামা ওবায়েদ ও পল কাপুর বাংলাদেশ-মার্কিন সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক এবং জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্পর্কের গতি ধরে রাখতে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপের গুরুত্বের ওপরও জোর দেন
এই বৈঠকের আগে জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর (পিআরএম) সহকারী সচিব জনাব অ্যান্ড্রু ভেপ্রেকের সঙ্গে ব্যুরোর কার্যালয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। প্রতিমন্ত্রী ও সহকারী সচিব (পিআরএম) উভয়েই মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।

