চীনের সঙ্গে সম্পর্ক বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (১৭ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রস্তাবের পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনে কালিবাফকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্বে তিনি এখন থেকে বেইজিংয়ের সাথে তেহরানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ইরানের বিভিন্ন সরকারি দপ্তর ও চীনের মধ্যে কৌশলগত সহযোগিতা ও সমন্বয় তদারকি করবেন। পূর্ববর্তী প্রতিনিধিদের তুলনায় গালিবাফকে এই পদে অনেক বেশি ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন ইরানের বর্তমান চীনে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দোলরেজা রহমানি ফজলি এবং দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি (যিনি চলতি বছরের ১৭ মার্চ মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন)।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর গত ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। সাম্প্রতিক সময়ে এই যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের সাথে ইরানের প্রধান আলোচক (চিফ নেগোশিয়েটর) হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই প্রবীণ রাজনীতিক ও স্পিকার কালিবাফ।

