২০২৯ সালে ক্ষমতা ছাড়ার আগেই ‘কিউবা ইস্যু সমাধানের’ ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কমিউনিস্ট শাসিত ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটিতে হামলার বিষয়টিও ‘অবশ্যই বিবেচনা করবেন’ বলে জানিয়েছেন তিনি। খবর সিএনবিসির।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কিউবার পরিস্থিতির ওপর ‘খুব কাছ থেকে’ নজর রাখছে তার প্রশাসন। এ সময় কিউবাকে একটি ‘ব্যর্থ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি বিদায় নেয়ার আগেই কিউবার বিষয়টি শেষ করতে চাই।’ মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর মতে, এর মাধ্যমে প্রথমবার কিউবায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার উৎখাতের সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বাবা-মা কিউবার বংশোদ্ভূত উল্লেখ করে ট্রাম্প বলেন, রুবিও’র এটি খুবই ভালো লাগবে। তিনি নিজেও একটি সংক্ষিপ্ত সামরিক অভিযানের বিষয়টি ‘অবশ্যই বিবেচনা করবেন’।
সরাসরি সামরিক পদক্ষেপ না নিলেও কিউবার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ফলে দ্বীপরাষ্ট্রটিতে জ্বালানি ও অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কিউবান দূতাবাস বৃহস্পতিবার এক প্রাক্কলনে জানিয়েছে, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন অবরোধের কারণে কিউবার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮০০ কোটি ডলার।

