আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে রোববার (১৭ মে) বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় ক্যাটাগরি-১-এ আছেন সাত বিভাগীয় কাউন্সিলর ও ৬৪ জেলার মধ্যে ৫৯ কাউন্সিলর। কাউন্সিলরদের চূড়ান্ত তালিকায় নেই কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী আর মুন্সিগঞ্জের কাউন্সিলর।
ক্যাটাগরি-২-এ আছেন ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধি হিসেবে ৭৬ কাউন্সিলর এবং ক্যাটাগরি-৩-এ আছেন ৪২ জন কাউন্সিলর। শেষ ক্যাটাগরিতে আছেন বিভিন্ন সংস্থা, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সাবেক খেলোয়াড়, সাবেক অধিনায়করা। এই ক্যাটাগরিতে কাউন্সিলর তালিকায় আছেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন ও হাবিবুল বাশার। রকিবুল হাসান ও মোহাম্মদ আশরাফুলের জায়গায় এসেছেন খালেদ মাহমুদ ও মাহমুদউল্লাহ।
এছাড়া সাবেক ক্রিকেটার কোটায় কাউন্সিলর হয়েছেন বিসিবির অন্তর্বর্তী কমিটির সভাপতি তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল খান, নাজিমউদ্দিন, তালহা জুবায়ের, দুই নির্বাচক নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, শামসুর রহমান ও ধারাভাষ্যকার মাজহার উদ্দিন। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর হয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।
তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের বর্তমান অ্যাডহক কমিটির আটজনই আছেন কাউন্সিলরদের তালিকায়। তারা হলেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে তামিম ইকবাল, আবাহনী থেকে ফাহিম সিনহা, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে তানজিল চৌধুরী, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স থেকে ইসরাফিল খসরু, ইন্দিরা রোর্ড ক্রীড়াচক্র থেকে রফিকুল ইসলাম বাবু, ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মিনহাজুল আবেদীন। মিনহাজুল সর্বশেষ নির্বাচনে সাবেক ক্রিকেটার হিসেবে কাউন্সিলর হয়েছিলেন।
অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান, মির্জা সালমান ইস্পাহানি ও রাশনা ইমাম কাউন্সিলর হননি।
আমিনুল ইসলাম বুলবুলের সর্বশেষ বোর্ডে পরিচালক নির্বাচিত হওয়া মাত্র পাঁচজনই এবার কাউন্সিলর হওয়ার সুযোগ পেয়েছেন। তারা হলেন— আমজাদ হোসেন, ফৈয়াজুর রহমান, শানিয়ান তানিম নাভিন, আবুল বাসার ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল। এর মধ্যে চারজনই আমিনুলের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছিলেন।
কাউন্সিলরদের তালিকায় সংগঠকদের মধ্যে আছেন রফিকুল ইসলাম বাবু, সিরাজউদ্দিন মো. আলমগীর, ফাহিম সিনহা, হানিফ ভূঁইয়া, আজিজ আল কায়সার, লুৎফর রহমান, মাসুদুজ্জামান।
তফসিল অনুযায়ী আজ সোমবার খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

