ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যমুনা নিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-৬০ বিজিবির দায়িত্বরত এলাকা ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং কসবা উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় জওয়ানরা।
এ অভিযানে পিকআপ ভর্তি ভারতীয়— জিরা, মেহেদি, কসমেটিকস সামগ্রী, উন্নতমানের শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা, পটকা, বাজি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। পিকআপসহ ভারতীয় জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় এক কোটি ৯০ লাখ টাকা।
জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টম্সে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

