ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কায় সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসেকে গ্রেফতার করা হয়েছে।
মূলত, ২০১৩ সালের এয়ারবাস ক্রয় চুক্তির বিনিময়ে ৮ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। নামালকে গ্রেফতারের পর দুই সপ্তাহের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা জানায়, রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা চুক্তিটির জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেয়। সিঙ্গাপুরের এক ব্যবসায়ী দু’টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই অর্থ নামাল রাজাপাকসের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।
নামালের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। একই অভিযোগের তদন্তে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

