প্রথমবার বাংলাদেশি সিনেমায় দেখা যাবে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘প্রিন্স’-এ শাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি। সিনেমাটির শুটিং শেষের দিকে।
পশ্চিমবঙ্গের ইউটিউব চ্যানেল সারদ মিউজিক ভেঞ্চার্সে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির নানা বিষয় নিয়ে কথা বলেছেন জ্যোতির্ময়ী।
তিনি বলেন, ‘প্রিন্স’-এ যুক্ত হওয়ার পর নিউজ বের হলে প্রচুর ভালোবাসা বেড়েছে। প্রিন্সের স্টোরিলাইন যা আছে মানুষ এই সিনেমা হুমড়ি খেয়ে দেখবে। তাছাড়া এই সিনেমায় শাকিব খান আছে।
সিনেমাটিতে যুক্ত হওয়া নিয়ে এই অভিনেত্রী বলেন, সেই সঙ্গে আমার চরিত্র এবং প্রযোজক শিরিন দি (শিরিন সুলতানা) আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন এজন্য মনে হয়েছিল আমি ‘প্রিন্স’ টিমের অংশ হতে চাই।
এবারই প্রথমবার দুই বাংলার সবচেয়ে আলোচিত তারকা শাকিব খানের সঙ্গে সিনেমা করার সুযোগ পেয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। শাকিব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ শাকিবকে পাগলের মত ভালোবাসে, যাকে বলে মাথা নষ্ট ক্রেজ। তার স্টারডম সম্পর্কে আগে থেকে জানতাম। আমি নিজেও তার সিনেমার একজন দর্শক।
তার দীর্ঘ ক্যারিয়ারে এত এত সফল সিনেমা আছে, এবার কাজ করে বুঝলাম উনি কতটা অভিজ্ঞ। তার সঙ্গে প্রিন্সে কাজের সুযোগ পেয়ে ভীষণ এক্সাইটেড আছি।
যোগ করে এই তরুণ অভিনেত্রী বলেন, উনি (শাকিব খান) যে কোন লেভেলের ডেডিকেটেড ব্যক্তি সে কথা বলে বোঝাতে পারব না। সেই সঙ্গে উনি খুবই পোলাইট (মার্জিত), যাকে বলে মাটির সঙ্গে মিশে থাকার মতো। এটা আমার সারাজীবন মনে থাকবে।
ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে ‘প্রিন্স’ সিনেমাটি নির্মাণে রয়েছেন ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে।

