দীর্ঘদিন ধরে কারাবন্দী পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে তার পরিবার। সুচিকিৎসার দাবিতে বিভিন্ন সময়ে সরব হয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। এবার ইমরানের পাশে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি দিয়েছেন দেশটির সাত সাবেক অধিনায়ক। ক্রিকইনফোর প্রতিবেদন।
অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহসহ এই সাত সাবেক অধিনায়ক চিঠিতে ইমরানের কারাবন্দী জীবনের মানবিক দিকটি তুলে ধরেছেন। তারা স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক অবস্থান নয়; বরং একজন বন্দীর মৌলিক মানবিক অধিকার নিয়ে তাদের উদ্বেগ।
চিঠিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কেরা ইমরানের বিরুদ্ধে চলমান আইনি কিংবা রাজনৈতিক মামলায় কোনো পক্ষ নিচ্ছেন না বলেও উল্লেখ করেছেন। তাদের মতে, এসব বিষয় পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। তবে কারাগারে থাকা যেকোনো ব্যক্তির চিকিৎসা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মানবিক আচরণ নিশ্চিত করা মৌলিক মানবিকতার অংশ।
ইমরানের পরিবার দীর্ঘদিন ধরে তার চিকিৎসাসুবিধা, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ এবং আইনি সহায়তা পাওয়ার সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এসব বিষয়ও চিঠিতে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
চিঠিতে ইমরানের বিষয়ে তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়েছে। প্রথমত, তার নিজের চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ইমরানের ছেলে ও বোনদের উদ্বেগের কথাও চিঠিতে উল্লেখ করেছেন সাবেক অজি অধিনায়কেরা। কয়েক মাস ধরে তারা ইমরানের স্বাস্থ্য ও কারাগারের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। বিশেষ করে সীমিত চিকিৎসাসেবা, পরিবারের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ এবং আইনজীবীদের সঙ্গে সীমিত যোগাযোগের বিষয়গুলোতে তারা আপত্তি জানিয়েছেন।
ইমরানের কারাবন্দিত্ব ও শারীরিক অবস্থা নিয়ে এর আগেও সরব হয়েছেন ক্রিকেট বিশ্বের অনেকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই বিষয়ে ১৪ জন সাবেক অধিনায়ক চিঠি দিয়েছিলেন। এরপর পাকিস্তানের সাবেক তারকা জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খানও ইমরানের পরিস্থিতি নিয়ে কথা বলেন। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও।

