বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তে আবারও নতুন মোড় নিলো। দিশার মৃত্যুর ঘটনায় এবার এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এফআইআর-এ সংঘবদ্ধ ধর্ষণ ও খুনের কথা উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্র জানিয়েছে―এফআইআর-এ শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে, তার ছেলে আদিত্য ঠাকরে, অভিনেত্রী রিয়া চক্রবর্তী, ডিসিপি বিশাল ঠাকুরসহ মোট ২১ জনের নাম এসেছে। বম্বে হাইকোর্টের নির্দেশের পরই এই পদক্ষেপ নিয়েছে সিবিআই।
দিশার মৃত্যুর ঘটনা নিয়ে এতদিন বিভিন্ন ধরনের দাবি করা হয়েছে। একইসঙ্গে পাল্টা দাবি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার কথাও বলা হয়েছে। এবার সিবিআই’র কাছে তদন্তভার যাওয়ায় তার মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখার সুযোগ হলো।
এর আগে ২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয় দিশার। ওই সময় মৃত্যুকে ‘দুর্ঘটনাবশত মৃত্যু’ বা (এডিআর) হিসেবে নথিভুক্ত করা হয়। কিন্তু ঘটনার কয়েকদিন পরই মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে দিশা ও সুশান্তের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ওঠে। কিন্তু দুই মৃত্যুর মধ্যে কোনো যোগসাজশ রয়েছে কিনা, তা এখন পর্যন্ত তদন্তে প্রমাণ হয়নি।
এদিকে দিশার পরিবার প্রথম থেকেই তার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ ছিল। তাদের পক্ষ থেকে বারবার তদন্তের দাবি করা হয়েছে। বিশেষ করে মৃত্যুর ঘটনাকে কেন এফআইআর’র পরিবর্তে এডিআর করা হলো, এ নিয়ে প্রশ্ন ছিল।
এমনকি দিশার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগও করা হয়েছে। কিন্তু এতদিন তা দুর্ঘটনা হিসেবে তদন্ত চলেছে। আদালতে পরিবার জানায়, এই পাঁচ বছরেও মরদেহ পোস্টমর্টেমের রিপোর্ট এবং এডিআর’র কপি পায়নি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে নতুন করে তদন্তের নির্দেশ দেয় আদালত।
আদালত সিবিআইকে এফআইআর নথিভুক্ত করে তদন্তভার নেয়ার কথা জানায়। মুম্বাই পুলিশকে সংশ্লিষ্ট নথি ও রেকর্ডও সিবিআই’র কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে দিশার বাবা সতীশ সালিয়ানের বক্তব্য রেকর্ড করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

