হ্যালোইন মানেই ভৌতিক সাজ, প্রিয় চরিত্র কিংবা জনপ্রিয় সিনেমার কোনো আইকনিক দৃশ্যকে নতুন করে তুলে ধরা। তবে এবার বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের হ্যালোইন সাজে ছিল অন্যরকম আবেগ। ভৌতিক কোনো চরিত্র নয়, বরং প্রয়াত মা শ্রীদেবীর পর্দার সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটি ‘নাগিনা’ হয়ে হাজির হয়েছেন তিনি। ১৯৮৬ সালের সেই বিখ্যাত সিনেমায় শ্রীদেবীর সাজ হুবহু ফুটিয়ে তুলে মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন এই অভিনেত্রী।
হ্যালোইন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন জাহ্নবী। সেখানে শ্রীদেবীর ‘নাগিনা’ সিনেমার সেই বিখ্যাত গোলাপি পোশাক, গয়না, মেকআপ ও চুলের সাজে দেখা গেছে তাকে। শুধু পোশাকেই নয়, সাজের খুঁটিনাটি বিষয়েও বিশেষ যত্ন নিয়েছেন তিনি। এমনকি সিনেমার পোস্টার এবং কয়েকটি পরিচিত দৃশ্যও নতুন করে তুলে ধরেছেন। এ কাজে তাকে সহযোগিতা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ অরি।
ছবিগুলোর ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন! সর্বকালের অন্যতম আইকনিক সিনেমার মুহূর্তগুলোর একটি নতুন করে তুলে না ধরে পারলাম না।’ তিনি আরও লেখেন, হ্যালোইনে অনেকে পছন্দের চরিত্র কিংবা জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন মুহূর্তের সাজে নিজেদের উপস্থাপন করেন। কখনো তা ভৌতিক, কখনো মজার, আবার কখনো শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম। আর তাঁর কাছে মায়ের চেয়ে আইকনিক আর কে হতে পারেন!
জাহ্নবীর এই সাজে উঠে এসেছে শ্রীদেবীর পাশাপাশি প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও অমরীশ পুরীর স্মৃতিও। তাদের অভিনীত চরিত্র ও সিনেমার বিশেষ মুহূর্তগুলোও পুনর্নির্মাণ করেছেন তিনি। এতে ঋষি কাপুরের চরিত্রে দেখা গেছে ওরি-কে এবং অমরীশ পুরীর চরিত্রটি রূপায়ণ করেছেন তার বন্ধু বৈষ্ণব প্রবীণ।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘নাগিনা’ ছিল একটি ফ্যান্টাসি রোমান্টিক সিনেমা। এতে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সিনেমাটি ওই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা হয়ে ওঠে এবং শ্রীদেবীকে বলিউডের শীর্ষ নারী তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রাখে।

