spot_img

যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদন জমা দেওয়ার সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। নতুন নিয়মে আবেদনের শেষ দিন সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে পড়লে সব ক্ষেত্রে পরবর্তী কর্মদিবস পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে না। গত ২৩ অক্টোবর থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি নীতিগত নির্দেশনায় সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের শেষ তারিখের মধ্যে পার্থক্য স্পষ্ট করা হয়েছে। এর ফলে আবেদনকারীদের ক্ষেত্রে কোন ধরনের সময়সীমা প্রযোজ্য, তা যাচাই করে আবেদন জমা দিতে হবে।

ছুটির দিনে শেষ সময় পড়লে কী হবে

নতুন নীতিতে কাগজে জমা দেওয়া কিছু আবেদনের শেষ তারিখ শনি-রোববার বা সরকারি ছুটির দিনে পড়লে পরবর্তী কর্মদিবসে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকতে পারে। তবে এই সুবিধা সব ধরনের আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকায় ছুটির দিনের জন্য স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়া যাবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ফর্মের নির্দেশনা ও নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।

বয়সসীমা পার হলে হারাতে পারেন অভিবাসনের সুযোগ

পরিবারভিত্তিক অভিবাসন এবং বিশেষ কিছু অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে বয়সসীমা গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সাধারণত ২১ বছর পূর্ণ হওয়ার আগেই নির্ধারিত যোগ্যতা ও আবেদনসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়।

আবেদনের শেষ দিন ছুটির দিনে পড়লেও বয়সভিত্তিক যোগ্যতার সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। ফলে নির্ধারিত বয়সসীমা পার হয়ে গেলে কেউ কেউ সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার যোগ্যতা হারাতে পারেন।

এইচ-১বি ভিসাধারীদের জন্য সতর্কতা

যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী এবং তাঁদের নিয়োগকর্তাদেরও অবস্থানের অনুমোদিত মেয়াদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আই-৯৪ নথিতে উল্লেখিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার তারিখ ছুটির দিনে পড়লেও তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত বাড়বে না।

তাই অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় আবেদন বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। অন্যথায় অভিবাসনসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

আবেদনকারীদের করণীয়

নতুন নিয়মের কারণে আবেদনকারীদের আবেদনের শেষ তারিখ আগে থেকেই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সময়সীমাটি সাধারণ দাপ্তরিক সময়সীমা, নাকি বয়স বা অন্য কোনো যোগ্যতা নির্ধারণের শেষ তারিখ—তা নিশ্চিত হতে হবে।

পাশাপাশি আবেদন অনলাইনে নাকি কাগজে জমা দিতে হবে, সে বিষয়েও সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করা জরুরি। বয়সসীমা ও যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা উচিত। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সর্বশেষ সংবাদ

বিশ্ব অর্থনীতি খণ্ডিত হচ্ছে, এপেককে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব অর্থনীতি ক্রমেই খণ্ডিত হয়ে পড়ার প্রেক্ষাপটে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামের সদস্য দেশগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ