বিশ্ব রাজনীতির দুই আলোচিত নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চীনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বৈঠকের শুরুতেই পুতিনকে ‘আমার বন্ধু’ বলে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তাঁদের করমর্দন এবং কানে কানে কথা বলার দৃশ্যও প্রকাশ করেছে হোয়াইট হাউস।
চীনের শেনঝেনে অনুষ্ঠিত এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুই নেতার এই সাক্ষাৎ হয়।
বৈঠকের শুরুতে পুতিনের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে দীর্ঘ সময় ধরে চিনি।’
ট্রাম্প আরও বলেন, তাঁর বিশ্বাস, এই সম্পর্কের মধ্য দিয়ে অনেক ভালো কিছু অর্জন করা সম্ভব। অন্তত সেই সম্ভাবনার একটি নতুন প্রক্রিয়া শুরু হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পুতিনের কানে কানে কী বললেন ট্রাম্প?
হোয়াইট হাউসের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে দুই নেতা পরস্পরের সঙ্গে করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতে দেখা যায়।
তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স’ নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে আঙুল নির্দেশ করে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’
এদিকে এই দ্বিপাক্ষিক বৈঠকের পর আন্তর্জাতিক কূটনীতিতে আরও গুরুত্বপূর্ণ একটি আয়োজনের অপেক্ষা তৈরি হয়েছে। শীর্ষ সম্মেলনের পরবর্তী পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বের তিন প্রভাবশালী রাষ্ট্রের শীর্ষ নেতাদের একই টেবিলে বসার এই আয়োজন আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ সমঝোতা আসে কি না, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। আল জাজিরা

