রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব অর্থনীতি ক্রমেই খণ্ডিত হয়ে পড়ার প্রেক্ষাপটে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ জন্য ফোরামকে একটি ‘ঐক্যবদ্ধ সুর’ তৈরি এবং সহযোগিতার লক্ষ্যে গঠনমূলক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার চীনের শেনঝেনে অনুষ্ঠিত ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে দেওয়া বক্তব্যে পুতিন এসব কথা বলেন।
পুতিন আরও বলেন, অনুমোদনের জন্য প্রস্তুত করা রাশিয়ার সমর্থনপুষ্ট ‘শেনঝেন ঘোষণা’র খসড়াটি মূলত এই লক্ষ্য সামনে রেখেই তৈরি করা হয়েছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিগুলোর সঙ্গে গঠনমূলক অংশীদারিত্বকে রাশিয়ার জন্য ‘কৌশলগত পথ’ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, রাশিয়া এই অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ এবং আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
রুশ প্রেসিডেন্ট জানান, পারমাণবিক শক্তিসহ জ্ঞাননির্ভর বিভিন্ন খাতে এপেক সদস্য দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী মস্কো। পারমাণবিক জ্বালানি খাতে রাশিয়ার শক্তিশালী অবস্থান রয়েছে এবং এ অঞ্চলের একাধিক দেশের সঙ্গে দেশটি সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, জ্বালানি, বিপুল পরিমাণ শস্য ও খনিজ সার সরবরাহের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে রাশিয়া। সরবরাহের নির্ভরযোগ্যতা, গুণগত মান ও ধারাবাহিকতা নিয়ে বাণিজ্যিক অংশীদারদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া সার্বভৌমত্ব ও তথ্য-উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করার শর্তে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিজেদের ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দক্ষতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন পুতিন।
তিনি বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্বের জন্য উন্মুক্ত থাকার নীতি বজায় রাখছে রাশিয়া। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক শক্তির মতো উন্নত প্রযুক্তিনির্ভর খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
রাশিয়ার পরিবহন ও ট্রানজিট অবকাঠামো উন্নয়নের উদ্যোগ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় আঞ্চলিক দেশগুলোকে বিদ্যমান লজিস্টিক ও পরিবহন রুটের সুযোগ আরও বেশি কাজে লাগানোর আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। তাঁর দাবি, মস্কোর কয়েকটি অংশীদার দেশ ইতিমধ্যে এসব সুযোগ ব্যবহার করছে।
পুতিন বলেন, পারস্পরিক লাভজনক প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নে এপেকের অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে রাশিয়া। গত কয়েক দশকে এ ধরনের ৮০টিরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেক ফোরামে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামসহ মোট ২১টি সদস্য অর্থনীতি রয়েছে। বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশের বেশি এবং বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ এই ফোরামের অন্তর্ভুক্ত।
এপেকের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার গভীর রাতে চীনের শেনঝেনে পৌঁছান পুতিন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একটি বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। আনাদোলু

