আর মাত্র ৯ বছর পরই বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম। ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে মুসলিম জনগোষ্ঠী। এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।
সংস্থাটির গবেষণা বলছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার তুলনামূলক বেশি হওয়ায় বিশ্বে মুসলিম জনসংখ্যা অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর চেয়ে দ্রুত বাড়ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তন আসতে পারে। এমনকি ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান।
গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর ভৌগোলিক বিস্তার ও সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে এ বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় পরিচয়ের মানুষ।
পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় গবেষণাটি পরিচালিত হয়েছে। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের লক্ষ্য। তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব পূর্বাভাসকে ভবিষ্যতের নিশ্চিত চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ নানা ঘটনা ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনে প্রভাব ফেলতে পারে।
গবেষণায় বলা হয়েছে, সন্তান জন্মদানের হারে মুসলিম নারীরা এগিয়ে রয়েছেন। একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তানের জন্ম দেন। অন্যদিকে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ সংখ্যা ২ দশমিক ৫।
পিউ রিসার্চের মতে, মুসলিম জনগোষ্ঠী বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হওয়ার পেছনে উচ্চ জন্মহার অন্যতম প্রধান কারণ। সাধারণত একজন নারীপ্রতি গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার থাকলে একটি প্রজন্মের জনসংখ্যা আগের প্রজন্মের কাছাকাছি থাকে।
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীতে নতুন করে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে খ্রিস্টান জনগোষ্ঠীতে বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষ।
ধর্ম পরিবর্তনের প্রভাবও থাকবে
গবেষণায় বলা হয়েছে, ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীদের সংখ্যার পার্থক্যের কারণে মুসলিম জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় ৮০ লাখ কমতে পারে। অন্যদিকে খ্রিস্টান জনগোষ্ঠীর ক্ষেত্রে এই নিট ঘাটতি হতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।
খ্রিস্টধর্ম ত্যাগকারীদের একটি অংশ পরবর্তী সময়ে নিজেদের কোনো ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেবেন না। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।
তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ খ্রিস্টানদের ইসলাম গ্রহণ নয়। বরং গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ইসলাম থেকে খ্রিস্টধর্ম গ্রহণ করতে পারেন এমন মানুষের সংখ্যা খ্রিস্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর সংখ্যার চেয়ে সামান্য বেশি হতে পারে।
পাকিস্তান হতে পারে সবচেয়ে বেশি মুসলিমের দেশ
পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার বড় অংশের প্রবৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।
২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিমের বসবাস হতে পারে। বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট প্রবৃদ্ধির ৭৪ শতাংশই ঘটবে এসব দেশে।
গবেষণায় পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। ফলে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান।
এদিকে ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। একই সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
খ্রিস্টান জনসংখ্যাও বাড়বে
মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান জনগোষ্ঠীর জনসংখ্যাও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ। তবে এই প্রবৃদ্ধির বেশির ভাগই ঘটবে এমন ১২০টি দেশে, যেখানে বর্তমানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ।
এসব দেশে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে। অর্থাৎ বিশ্বে খ্রিস্টান জনগোষ্ঠীর সম্ভাব্য মোট প্রবৃদ্ধির ৯২ শতাংশই ঘটবে এসব দেশে।
সব মিলিয়ে গবেষণাটি ইঙ্গিত দিচ্ছে, আগামী কয়েক দশকে জন্মহার, বয়স কাঠামো, ধর্ম পরিবর্তন ও ভৌগোলিক বিস্তারের কারণে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

