বলিউডের বাদশাহ শাহরুখ খান মানেই কখনো রোমান্স, কখনো দুর্ধর্ষ অ্যাকশন। এবার দুই রূপেরই ঝলক দেখা গেল তার আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টারে। মুখে গোলাপ, হাতে বন্দুক আর চারপাশে দাউদাউ আগুন এমন এক ভিন্নধর্মী লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। পোস্টারের সঙ্গে তার বার্তাও নজর কেড়েছে। নিজেকে খুনি নয়, প্রেমিক হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন শাহরুখ।
হিন্দুস্তান টাইমস থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেন অভিনেতা। ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ অর্থাৎ, ‘আজ আবার মনে পড়ল, খুনি নই, প্রেমিক আমি।’ শাহরুখের ১৯৯৯ সালের সিনেমা ‘বাদশাহ’-এর জনপ্রিয় গানের কথার সঙ্গে মিল রয়েছে এই সংলাপের। ফলে নতুন পোস্টার ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৪ ডিসেম্বর, বড়দিনের ছুটিকে সামনে রেখে। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জি। এ ছাড়া জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়েল ও সৌরভ শুক্লাকেও দেখা যাবে সিনেমাটিতে। ২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির নাম প্রকাশ করা হয়েছিল। প্রথম ঝলকে রুপালি চুলের এক ভয়ংকর অ্যাকশন হিরোর অবতারে দেখা যায় তাকে। সেখানে তাঁর সংলাপ ছিল, ‘ডর নেহি, দেহশত হুঁ’ অর্থাৎ, ‘ভয় নই, আমি আতঙ্ক।’
‘কিং’-এর ট্রেলার প্রকাশে দেরি হওয়ায় সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাব দেন শাহরুখ। তিনি জানান, ভক্তদের অপেক্ষায় রাখার জন্য ইচ্ছাকৃতভাবে দেরি করছেন না নির্মাতারা। বরং সিনেমাটি ভালোভাবে তৈরি করে দর্শকদের সামনে উপস্থাপন করতে সময় নিচ্ছেন তারা। শাহরুখের কথায়, সবকিছুই ২৪ ডিসেম্বরের আগে প্রকাশ করা হবে। অর্থাৎ, সিনেমা মুক্তির আগেই ধাপে ধাপে সামনে আসবে আরও প্রচারণামূলক উপকরণ।
‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি শাহরুখের দ্বিতীয় কাজ। অন্যদিকে, মেয়ে সুহানা খানের সঙ্গে এই প্রথম বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ফলে অ্যাকশন, রোমান্স আর বাবা-মেয়ের প্রথম পর্দা-জুটি সব মিলিয়ে ‘কিং’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

