চারটি বিয়ে, চারটি বিচ্ছেদ—তবু অতীতের সম্পর্ক নিয়ে কোনো অনুশোচনা নেই হলিউড তারকা জেনিফার লোপেজের। নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, বিচ্ছেদ ও মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। বিশেষ করে সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদকে ‘ভীষণ হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন এই গায়িকা ও অভিনেত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেনি ব্লাঙ্কো, লিল ডিকি এবং তার স্ত্রী ক্রিস্টিন বাতালুকোর সঙ্গে ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ পডকাস্টে অংশ নেন ৫৭ বছর বয়সী লোপেজ। সেখানে নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলেন।
অতীতে ওজানি নোয়া, ক্রিস জাড, মার্ক অ্যান্থনি এবং বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা।
লোপেজ বলেন, এখন তিনি বুঝতে পেরেছেন, সম্পর্কের মাধ্যমে জীবনে স্থিরতা খুঁজছিলেন তিনি। দীর্ঘদিন ধরে খ্যাতির মধ্যে থাকলেও নিজের ভেতরে একাকিত্ব অনুভব করতেন।
তিনি বলেন, অনেক দিন ধরেই আমি বিখ্যাত। কিন্তু মাঝেমধ্যে নিজেকে দিশাহীন মনে হতো। মানুষ ভাবে, তারকাদের চারপাশে সব সময় অনেক মানুষ থাকে। কিন্তু তারপরও একাকিত্ব থেকে যায়।
তিনি আরও জানান, এমন একজন সঙ্গী চেয়েছিলেন, যিনি তাকে নিজের জন্য ভালোবাসবেন। কোনো স্বার্থ বা সুবিধার জন্য সম্পর্কে জড়াবেন না।
লোপেজ বলেন, আমি এক সম্পর্কের পর আরেক সম্পর্কে জড়িয়েছি। সব সময় এমন কাউকে খুঁজেছি, যাকে পেলে মনে হবে, এবার হয়তো সব ঠিক হয়ে যাবে।
বিচ্ছেদের অভিজ্ঞতা যে সহজ নয়, সেটিও স্পষ্ট করেছেন তিনি। লোপেজ বলেন, এগুলো কঠিন। হতাশাজনক। বিশেষ করে বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে লোপেজ বলেন, সব দিক থেকেই এটি ছিল খুব কঠিন ও হতাশাজনক একটি অভিজ্ঞতা। এটি এতটাই হতাশাজনক ছিল যে, আমি আর এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই না।
জীবনের সবচেয়ে কঠিন সময়েও নিজের আচরণ ও নৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা করেছেন বলে জানান লোপেজ। বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া অন্যদেরও নিজের প্রতি সম্মান বজায় রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
তিনি বলেন, অতীতের দিকে ফিরে তাকালে বলতে পারি, আমি মনপ্রাণ দিয়ে ভালোবেসেছি। একজন মানুষ হিসেবে এমন আচরণ করেছি, যা নিয়ে আমি গর্বিত। কাউকে এমনভাবে আঘাত করিনি, যার জন্য পরে লজ্জিত হতে হবে।
তিনি আরও বলেন, কঠিন সময়ে রাগের বশে কাউকে আঘাত করতে ইচ্ছা হতে পারে। কিন্তু সেই আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি।
বর্তমানে পঞ্চমবার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই জেনিফার লোপেজের। তবে, ভবিষ্যতে আর কখনো প্রেমে পড়বেন না, এমন কথাও বলেননি তিনি।
এদিকে সন্তানদের কলেজে যাওয়ার পর নতুন এক জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই তারকা। মার্ক অ্যান্থনির সঙ্গে তার যমজ সন্তান ম্যাক্স ও এমের বয়স এখন ১৮ বছর। তারা দুজনই কলেজে পড়তে বাড়ি ছেড়েছে।
গত ১৫ নভেম্বর জিমি ফ্যালনের অনুষ্ঠানে অংশ নিয়ে লোপেজ জানিয়েছিলেন, সন্তানদের বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে আসার কয়েক মাস আগে থেকেই তিনি কান্নায় ভেঙে পড়তেন।
প্রায় দুই দশক ধরে একা সন্তানদের বড় করা এবং প্রায় সব সময় কারও সঙ্গে সম্পর্কে থাকার পর এখন শুধু নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী জীবন পরিচালনা করতে শিখছেন তিনি।
তথ্যসূত্র: গালফ নিউজ

