spot_img

ব্যালন ডি’অরের ভোটে কে এগিয়ে

অবশ্যই পরুন

ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে জল্পনা-কল্পনার শেষ নেই। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই এক ভোটাভুটিতে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন ভোটদাতারা। সেখানে লড়াইয়ে এগিয়ে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। পেছনে ফেলেছেন হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাকে। তবে তালিকায় সবার নজর কাড়তে পারেন আরেকজন। লিওনেল মেসি। বয়স ও ক্যারিয়ারের এই পর্যায়েও ব্যালন ডি’অরের আলোচনায় থাকা আর্জেন্টাইন কিংবদন্তি আছেন চতুর্থ স্থানে।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট কুয়োরার ১৫ সম্পাদকের ভোটে ১৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ইয়ামাল। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইনের পয়েন্ট ১৬২। আর ১১৬ পয়েন্ট নিয়ে তিনে আছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ইয়ামালের এগিয়ে থাকার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রথম স্থানের ভোট। ১৫ সম্পাদকের মধ্যে সাতজন তাকে নিজেদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান থেকেও পয়েন্ট পেয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার। সব মিলিয়ে ১৯৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে, দ্বিতীয় স্থানের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কেইন। তাতে তার পয়েন্ট বেড়েছে ঠিকই, তবে ইয়ামালের সঙ্গে ব্যবধান কমানোর জন্য তা যথেষ্ট হয়নি। ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে।

তালিকার চতুর্থ স্থানে আছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। তার সংগ্রহ ৪৫ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা খভিচা কাভারাৎসখেলিয়ার পয়েন্ট ২২। আর ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন ফাবিয়ান রুইজ।

কুয়োরার এই ভোটাভুটিতে প্রত্যেক সম্পাদক তিনজন খেলোয়াড়কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রেখেছেন। প্রথম স্থানের জন্য বরাদ্দ ছিল ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ১২ এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট। তিনটি অবস্থানে পাওয়া পয়েন্ট যোগ করেই তৈরি করা হয়েছে চূড়ান্ত তালিকা।

ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। বিজয়ী নির্বাচনে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স, দলের সাফল্যে অবদান ও সামগ্রিক অর্জন বিবেচনায় নেওয়া হয়।

তবে কুয়োরার এই ভোট আনুষ্ঠানিক ব্যালন ডি’অর ভোট নয়। এটি কেবল অংশ নেওয়া সম্পাদকদের পছন্দের প্রতিফলন। মূল পুরস্কারের ফলাফলেও এর কোনো প্রভাব নেই। ফলে এই তালিকায় ইয়ামাল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই।

সর্বশেষ সংবাদ

সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

সীমান্তের সুনির্দিষ্ট অবস্থান যৌথভাবে নির্ধারণ এবং সামরিক যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে উত্তর কোরিয়াকে সামরিক বৈঠকের প্রস্তাব দিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ