অসলোতে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। দলের হয়ে গোল করেছেন আন্তোনিও নুসা ও আন্দ্রেয়াস শেলদেরুপ। যোগ করা সময়ের আগে পেনাল্টি থেকে গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড।
নিজেদের ঘরের মাঠ অসলোতে উলেভাল স্টেডিয়ামে প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য ঘটনা না ঘটলেও বিরতির পর আক্রমণের গতি বাড়ায় নরওয়ে। ম্যাচের ৫৯ মিনিটে কর্নার থেকে আসা বল ওয়েলসের রক্ষণভাগ পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে বক্সের বাইরে থেকে হাফ-ভলিতে গোল করেন আন্তোনিও নুসা।
বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। বাঁ দিক দিয়ে দ্রুত এগিয়ে বল নিয়ে বক্সে ঢুকে হালান্ডের উদ্দেশে পাস বাড়ান নুসা। হালান্ড বলটি বাড়িয়ে দিলে দূরের পোস্টে ফাঁকা জালে বল ঠেলে দেন শেলদেরুপ।
৭৯ মিনিটে ডেভিড ব্রুকসের গোলে ব্যবধান কমায় ওয়েলস। সতীর্থের থ্রু পাস ধরে দ্রুত এগিয়ে গিয়ে সামনে থাকা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।
তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরার সুযোগ পায়নি ওয়েলস। ৮৫ মিনিটে বক্সের ভেতর শেলদেরুপকে ফাউল করেন কনর রবার্টস। পেনাল্টি থেকে ৮৮ মিনিটে গোল করে নরওয়ের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন হালান্ড।

