দীর্ঘ বিরতির পর টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধে আবারও পর্দায় ফিরেছেন অভিনেতা দেব। তবে পর্দার বাইরেও এখন আলোচনায় এই তারকার ব্যক্তিগত জীবন। প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে টালিউডে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের বাইরে শুভশ্রীর সঙ্গে দেবের আড্ডা ও খোশগল্পের খবরের পর এবার নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত ভ্রমণ। ছুটি কাটাতে নরওয়েতে পাড়ি দিয়েছেন এই অভিনেতা ও প্রযোজক।
নরওয়ের ট্রমসো শহর থেকে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন দেব। ছবিতে বরফে ঢাকা পাহাড়ি পরিবেশে রেনডিয়ারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। একটি ছবিতে নিজের হাতে রেনডিয়ারকে খাবার খাওয়াচ্ছেন অভিনেতা। ডার্ক গ্রে রঙের জ্যাকেট, কালো ট্র্যাক প্যান্ট ও রোদচশমায় বেশ স্টাইলিশ দেখাচ্ছে তাকে।
তবে দেবের এই ভ্রমণে সঙ্গে দেখা যায়নি রুক্মিণীকে। আর তাতেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।
অন্যদিকে, হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, রুক্মিণী বর্তমানে ভারতের কেরালার কোচিতে রয়েছেন। সেখানে শুটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। দুজনের আলাদা জায়গায় অবস্থানের খবর সামনে আসার পর ভক্তদের একাংশের মধ্যে সম্পর্কের দূরত্ব নিয়ে জল্পনা আরও বেড়েছে।
২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রুক্মিণী মৈত্রের। দেবের হাত ধরেই টালিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই জুটি।
পর্দায় একসঙ্গে কাজ করতে গিয়েই দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক টালিউডের পরিচিত বিষয়। তবে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া দূরত্বের গুঞ্জন নিয়ে দুজনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্যের কথা উল্লেখ করা হয়নি সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে। ফলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

