spot_img

মেসি আর্জেন্টিনায় প্রাপ্য মর্যাদা পায়নি, বিস্ফোরক অভিযোগ দানি আলভেসের

অবশ্যই পরুন

আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার আগে নিজ দেশের মাটিতে লিওনেল মেসিকে যেভাবে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল, তা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। বছরের পর বছর নানা প্রশ্নের মুখোমুখি হওয়া আলবিসেলেস্তে অধিনায়ক অবশেষে বিশ্বমঞ্চে নিজের প্রাপ্য মর্যাদা ও সম্মান পেলেও ৪৩ বছর বয়সী আলভেসের মতে, নিজ দেশে মেসিকে কখনো সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি।

সম্প্রতি আর্জেন্টিনা সফরকালে রেডিও চ্যানেল কাদেনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আলভেস। বার্সেলোনায় বহু বছর একসঙ্গে খেলার সুবাদে মাঠের ভেতরে ও বাইরে মেসির প্রভাব অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এই ব্রাজিলিয়ান রাইট-ব্যাকের। কাতালান ক্লাবটিতে তাদের জুটি ছিল দারুণ সফল, জিতেছেন অসংখ্য ট্রফি। বিশ্বফুটবলে মেসির অসাধারণ অবস্থান আর নিজ দেশে তাঁর প্রাপ্ত স্বীকৃতির মধ্যে যে বিশাল ফারাক ছিল—সে বিষয়টিই তুলে ধরেন আলভেস।

বিশ্বফুটবলে মেসির আকাশচুম্বী প্রভাবের সঙ্গে নিজ দেশে তার প্রাপ্য স্বীকৃতির বিশাল পার্থক্যের বিষয়টি তুলে ধরে আলভেস আফসোস করে বলেন, ‘এখানে (আর্জেন্টিনায়) মেসিকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল, সেভাবে করা হয়নি।’ উত্তর আর্জেন্টিনা সফরকালে বিভিন্ন ধর্মীয়, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন আলভেস। সেখানে শালতা অঞ্চলের ‘ভিলা সোলেদাদ’ এলাকা এবং শিশুদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘লাপেন’-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন সাবেক এই ফুটবল তারকা।

মেসি ও নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে আলোচনার পাশাপাশি স্পেনে কারাভোগের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ব্রাজিলিয়ান এই তারকা। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ১৪ মাস বন্দি ছিলেন তিনি। এরপর যৌন নিপীড়নের দায়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের মার্চ মাসে কাতালুনিয়ার হাইকোর্ট সেই সাজা বাতিল করে তাকে খালাস দেন।

বিভিন্ন ধর্মীয় সভায় নিজের জীবনের সেই কঠিন মুহূর্তগুলো উল্লেখ করে স্বাধীনতা ও বিশ্বাস নিয়ে কথা বলেন আলভেস। তিনি বলেন, ‘মাঝে মাঝে আমরা মনে করি আমরা স্বাধীন, কিন্তু বাস্তবে স্বাধীনতার চেয়ে বেশি বন্দি। এই পৃথিবীর সবচেয়ে বড় কারাগার হলো পাপ।’ তিনি আরও যোগ করেন,‘কারাগার কেবল একটি শারীরিক বা দৃশ্যমান জায়গা। পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারলেই কেবল সত্যিকারের স্বাধীনতা অর্জন করা সম্ভব।’

সর্বশেষ সংবাদ

তেল উৎপাদন বাড়াতে স্নায়ুযুদ্ধকালীন প্রতিরক্ষা আইনের আশ্রয় নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন বাড়াতে স্নায়ুযুদ্ধকালীন প্রতিরক্ষা উৎপাদন আইনের (ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট) বিশেষ ধারা প্রয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ