বার্সেলোনায় নিজের সামর্থ্যের প্রমাণ আগেই দিয়েছেন রাফিনিয়া। এবার জাতীয় দলের হয়েও বড় দায়িত্ব পাওয়ার অপেক্ষায় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে তার হাতে। নিয়মিত অধিনায়ক মারকুইনহোসের অনুপস্থিতিতে রাফিনিয়ার ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। সবকিছু ঠিক থাকলে শনিবার জাপানের বিপক্ষে ম্যাচে নতুন এক পরিচয়ে দেখা যাবে বার্সেলোনা তারকাকে।
নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন রাফিনিয়া। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, জাপানের বিপক্ষে ম্যাচে তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ।
বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান ঊরুতে চোট পেয়েছেন ব্রাজিলের নিয়মিত অধিনায়ক মারকুইনহোস। এ কারণে আসন্ন ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। ২০২১ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের নেতৃত্ব দিয়ে আসছেন এই ডিফেন্ডার। তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন রাফিনিয়া।
জাতীয় দলের নেতৃত্ব অবশ্য রাফিনিয়ার জন্য একেবারে নতুন কিছু নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের একটিতে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, অধিনায়কত্বের জন্য ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও বিবেচনায় রেখেছিল ব্রাজিলের কোচিং স্টাফ। তবে শেষ পর্যন্ত রাফিনিয়ার ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত হয়েছে। তিনি মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রুনো গিমারায়েস।

