spot_img

ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে ভারত

অবশ্যই পরুন

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নীরবে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ভারত। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের পাশাপাশি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছে নয়াদিল্লি। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় বৈঠকের মধ্যেই ভারতের এই তৎপরতা নতুন গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এর আগের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেন।

ভারতের এই কূটনৈতিক উদ্যোগের অন্যতম লক্ষ্য যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কমানো। পাশাপাশি কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও শস্য রপ্তানি নিয়ে উদ্বেগ দূর করতেও কাজ করছে দেশটি। একই সঙ্গে কীভাবে সংঘাতের অবসান ঘটানো যায়, তা নিয়েও আলোচনা চলছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ভারতের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই ইতিবাচকভাবে গ্রহণ করেছিল।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মস্কোর সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে কিয়েভের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারত।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, আরব দেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের কার্যকর কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হলেও দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব সম্পর্কের কারণে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ভারতের।

ইউক্রেন যুদ্ধের অবসান চাওয়ার পেছনে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও কাজ করছে। সংঘাত দীর্ঘায়িত হলে রাশিয়ার পক্ষে ভারতে তেল ও অস্ত্র রপ্তানি কঠিন হয়ে উঠতে পারে। একই সঙ্গে মস্কো চীনের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা ভারতের জন্য কৌশলগত উদ্বেগের বিষয়।

এ ছাড়া রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও ভারতের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। তবে মস্কোর সঙ্গে দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক কাজে লাগিয়ে সরাসরি আলোচনা এবং সংবেদনশীল বিষয়গুলো তুলে ধরার সুযোগ রয়েছে নয়াদিল্লির।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে বসেও তিনি যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না বলে নিজের অবস্থান তুলে ধরেছিলেন।

শুরুতে ইউক্রেন যুদ্ধে ভারতের মধ্যস্থতাকারী হওয়ার বিষয়টি অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছিল। কারণ, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর বিরোধসহ নিজেদের বিভিন্ন দ্বন্দ্বে তৃতীয় পক্ষের মধ্যস্থতা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি।

তবে মোদি ইউক্রেন যুদ্ধের অবসানে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠক এবং ২০২৪ সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরের সময়ও তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানান।

সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা যাচ্ছে, ভারতের মধ্যস্থতার সম্ভাবনাকে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই ইতিবাচকভাবে দেখছে। ইউক্রেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধের অবসানে ভারতের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, ভারতের সদিচ্ছা ও প্রস্তাবের জন্য রাশিয়া ভারতীয় বন্ধুদের কাছে কৃতজ্ঞ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছেন, যুদ্ধের অবসান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খুব ভালো কিছু ধারণা রয়েছে।

তবে ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে সফল হওয়া ভারতের জন্য সহজ হবে না। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে লড়াই আরও তীব্র হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা সম্ভবত করবে না নয়াদিল্লি।

ওয়াশিংটন নিজেই এই সংঘাতের অবসানে প্রধান ভূমিকা রাখতে আগ্রহী। তবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে সেই প্রচেষ্টাও জটিল হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে ভারতের সামনে নতুন কূটনৈতিক সুযোগ তৈরি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইতিহাসের একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ফলে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে ভারত। ওয়াশিংটন যখন যুদ্ধের অবসানের মতো বড় লক্ষ্য নিয়ে এগোবে, তখন নয়াদিল্লি কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং জ্বালানি ও শস্য রপ্তানির মতো নির্দিষ্ট বিষয়গুলোতে আলোচনা এগিয়ে নিতে পারে।

এ ধরনের সমন্বিত উদ্যোগ ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে।

সর্বশেষ সংবাদ

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর তার সঙ্গে জিরো...

এই বিভাগের অন্যান্য সংবাদ