উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগে আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলনে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংবাদ সম্মেলনটি হঠাৎ শেষ করে দেওয়া হয়।
শনিবার এক ইসরায়েলি সাংবাদিক আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসনকে সম্প্রতি ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে হামলার ঘটনা নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নে তিনি আয়ারল্যান্ডের ফিলিস্তিন-সংক্রান্ত অবস্থানের সঙ্গে ওই ঘটনার যোগসূত্র টানার চেষ্টা করেন।
হলগ্রিমসন উত্তর দেওয়ার আগেই ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) যোগাযোগ ব্যবস্থাপক কিয়ারান ক্রাউলি হস্তক্ষেপ করেন। তিনি সাংবাদিকদের শুধু ফুটবলসংক্রান্ত প্রশ্ন করার অনুরোধ জানান। পরে ঘটনাটিকে ‘মৌখিক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেন হলগ্রিমসন।
এরপর আরেক ইসরায়েলি সাংবাদিক অভিযোগ করেন, প্রথম লেগে আয়ারল্যান্ড দলের সদস্যরা ইসরায়েলি খেলোয়াড়দের ‘বানর’ বলেছিলেন। অভিযোগটি প্রত্যাখ্যান করে ক্রাউলি বলেন, ‘এটি মিথ্যা। আপনি এইমাত্র একটি মিথ্যা প্রচার করলেন।’ এরপরই সংবাদ সম্মেলন শেষ করে দেওয়া হয়।
গত ২৭ সেপ্টেম্বর প্রথম লেগে ইসরায়েলকে ৩-০ গোলে হারায় আয়ারল্যান্ড। ওই ম্যাচে ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের অ্যাডাম ইদাহ ও জেমস আবানকওয়ার প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্ত করছে এফএআই।
রোববার সার্বিয়ার বাক্কা টোপোলায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিকে ‘অনেক আবেগ জড়িত’ বলে উল্লেখ করলেও হলগ্রিমসন জানিয়েছেন, তার দল জয়ের দিকেই মনোযোগ দিচ্ছে।

