যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর ‘এবি ২০১৭’ বিলে স্বাক্ষর করার পর নতুন এ স্বীকৃতি কার্যকর হয়েছে।
‘স্টেট হলিডেজ: ঈদ’ নামের বিলটি উত্থাপন করেন সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিলটি উত্থাপনের পর বিভিন্ন ধাপে আইনসভায় অনুমোদন পায়। ৩০ আগস্ট ক্যালিফোর্নিয়ার আইনসভার দুই কক্ষেই বিলটি পাস হয়। পরে ১০ সেপ্টেম্বর তা গভর্নরের কাছে পাঠানো হয় এবং ২৭ সেপ্টেম্বর এতে স্বাক্ষর করেন নিউজম।
নতুন আইনে ইসলামি চান্দ্রপঞ্জিকার শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ইংরেজি বর্ষপঞ্জিতে ঈদের তারিখ প্রতিবছর পরিবর্তিত হলেও সরকারি স্বীকৃতি বহাল থাকবে।
সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে না
তবে ঈদকে সরকারি ছুটির তালিকায় যুক্ত করার অর্থ ক্যালিফোর্নিয়ার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত বা স্থানীয় প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে—এমন নয়।
আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে বিচারিক ছুটির তালিকা থেকে আলাদা রাখা হয়েছে। অর্থাৎ ঈদের দিন আদালত বন্ধ রাখার বাধ্যবাধকতা তৈরি হয়নি। একইভাবে বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবে।
ঈদের কারণে স্কুলে অনুপস্থিতিতে ছাড়
নতুন আইনে ঈদ পালনের জন্য শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিত থাকার বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের নামাজ বা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার কারণে কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে সেটিকে অনুমোদিত অনুপস্থিতি হিসেবে গণ্য করা যাবে।
এ ছাড়া স্থানীয় সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের দিন বন্ধ রাখতে পারবে। তবে এ ধরনের বন্ধ বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ও প্রতিনিধিত্বকারী কর্মীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া যাবে।
কমিউনিটি কলেজগুলোর ক্ষেত্রেও ঈদের দিন প্রতিষ্ঠান বন্ধ রাখার সুযোগ রাখা হয়েছে।
সরকারি কর্মীদের ছুটির সুযোগ
সরকারি কর্মীদের জন্যও ঈদ পালনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী, কোনো সরকারি কর্মী ঈদুল ফিতর বা ঈদুল আজহাকে কেন্দ্র করে আট ঘণ্টার ছুটির সুবিধা নিতে পারবেন।
এ ক্ষেত্রে অবকাশ, বার্ষিক ছুটি, অতিরিক্ত কাজের বিনিময়ে ছুটি বা ব্যক্তিগত ছুটির বিধান ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
যারা বিলটি উত্থাপন ও সমর্থন করেছেন
এবি ২০১৭ বিলের প্রধান সহ-উদ্যোক্তাদের মধ্যে ছিলেন অ্যাসেম্বলি সদস্য আশ কালরা ও স্টেফানি নগুয়েন এবং সিনেটর আইশা ওয়াহাব। আরও কয়েকজন আইনপ্রণেতা বিলটির সহ-উদ্যোক্তা ছিলেন।
নতুন আইনের ফলে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির তালিকায় স্বীকৃতি পেল। এর ফলে ঈদের কারণে মুসলিম শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতির আইনি স্বীকৃতি তৈরি হলো। পাশাপাশি স্কুল ও কমিউনিটি কলেজগুলো স্থানীয় সিদ্ধান্তের ভিত্তিতে ঈদের দিন বন্ধ রাখতে পারবে এবং সরকারি কর্মীরাও নির্ধারিত নিয়মে ছুটির সুবিধা নিতে পারবেন।
তবে ঈদের সরকারি স্বীকৃতি এবং সব প্রতিষ্ঠান বন্ধ থাকা—দুটি বিষয় এক নয়। আদালতের ক্ষেত্রেও ঈদকে বিচারিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। সূত্র: এলএইস্ট

