spot_img

শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও দেশটির পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক অসন্তোষের মধ্যে জিবরানের পদত্যাগ দেশটির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের জানান, ৩৯ বছর বয়সী জিবরান বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে প্রেসিডেন্ট প্রবোওর কাছেও পদত্যাগপত্র দিয়েছেন তিনি। তবে পদত্যাগের কারণ সম্পর্কে জিবরান কী বলেছেন, তা জানাননি স্পিকার।

গত মাসে জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে রায় দেন ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট। এরপর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হলে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

জিবরান সিঙ্গাপুরে পড়াশোনা করেছেন এবং সেখানে বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া কাগজপত্রে তিনি সিঙ্গাপুরের শিক্ষাগত যোগ্যতার একটি সনদ দাখিল করেন। সেখানে উল্লেখ ছিল, তাঁর অর্জিত যোগ্যতা ইন্দোনেশিয়ার কারিগরি উচ্চমাধ্যমিক শিক্ষার সমমানের।

তবে সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পরও বরাবরই নিজের শিক্ষাগত যোগ্যতার পক্ষে অবস্থান নিয়েছেন জিবরান। তাঁর বক্তব্য ছিল, উচ্চমাধ্যমিক পাস না করলে সিঙ্গাপুরে কলেজে পড়াশোনা এবং স্নাতক ডিগ্রি অর্জন সম্ভব হতো না।

জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভের সূত্রপাত হয়। দাবানলের কারণে বিভিন্ন এলাকায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

জিবরানের পদত্যাগে প্রেসিডেন্ট প্রবোও এবং সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা ক্ষমতাসীন জোটেও জটিলতা তৈরি হতে পারে। জিবরান সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকা জোকোর সমর্থন প্রবোওর ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।

ইন্দোনেশিয়ার নিরাপত্তা ও কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের নির্বাহী পরিচালক খাইরুল ফাহমি মনে করেন, জিবরানের পদত্যাগ দেশটির রাজনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। তবে এতে সরকারের স্থিতিশীলতা সরাসরি হুমকির মুখে পড়বে বলে মনে করেন না তিনি।

এএফপিকে খাইরুল ফাহমি বলেন, জোকো উইদোদো রাজনৈতিক প্রভাব ধরে রাখলেও জিবরানের বিদায়ে ক্ষমতার কেন্দ্রে তাঁর অনুসারীদের সরাসরি প্রবেশের সুযোগ কমতে পারে। অন্যদিকে, এতে প্রেসিডেন্ট প্রবোওর নিজের নেতৃত্ব সুসংহত করা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সুযোগ বাড়বে।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রবোওর জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত সপ্তাহে প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাবেক পুলিশপ্রধানসহ পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

জিবরানের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে দুটি নাম প্রস্তাব করতে প্রেসিডেন্ট প্রবোওর হাতে ১৪ দিন সময় রয়েছে। এরপর পার্লামেন্টের হাতে উত্তরসূরি নির্বাচনের জন্য দুই মাস সময় থাকবে।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা তুলনামূলক সীমিত। সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাঁর স্থলাভিষিক্ত হওয়াই মূলত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব।

সর্বশেষ সংবাদ

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ