সরকার অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময়, যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায় তাদের সতর্ক করেন ডা. জাহেদ। জানান, অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে এবং এ সপ্তাহেই এর প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি বলেন, পুলিশ ও প্রশাসনে থাকা গণঅভ্যুত্থানে হত্যা ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ১৭ বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টা জানান, কোনো মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে, দফতর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এটি সরকারের ১৮০ দিনের পরে নাকি আরও সময় লাগবে, সেটি নিশ্চিত করেননি তিনি।
এছাড়া, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ১ বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করে ডা. জাহেদ জানান, সরকার যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

