২০১৮ সালে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দুইজন রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে মামলায় মোট ২৮ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার সহকারী উপপরিদর্শক (এএসআই) গিরিশ চন্দ্র বর্মণ ও আজমল হোসেনের জবানবন্দি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান।
মামলার জামিনে থাকা আসামিরা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম দুই সাক্ষীকে জেরা করেন।
শুনানি শেষে পরবর্তী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন।
মামলার নয় আসামি হলেন— মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও ওলি আহমেদ।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসভবনে এক নৈশভোজে অংশ নেন।
নৈশভোজ শেষে বাসভবন থেকে বের হওয়ার সময় তার বহরের ওপর হামলা হয়। ঘটনার পর ১০ আগস্ট ২০১৮ ড. বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ১৮ জানুয়ারি ২০২১ নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
যদিও ২০২২ সালের ২৮ মার্চ সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচার শুরু হয়, একই বছরের ২৭ ডিসেম্বর সাক্ষীদের জবানবন্দিতে নতুন তথ্য উঠে আসায় আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।
অতিরিক্ত তদন্ত শেষে গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী পুলিশ সুপার রাজন সাহা ১৯ সেপ্টেম্বর ২০২৩ সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৯ নভেম্বর ২০২৩ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন, যার মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।

