১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জনস্বার্থে এ রিট করেন। তাঁর দাবি, নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, যা তাদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
রিটে আইসিডিডিআরবির গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিনে সময় কাটায়। তারা গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। এতে শিশুদের চোখের সমস্যা, মাথাব্যথা, ঘুমের ঘাটতি ও স্থূলতার ঝুঁকি বাড়ছে। গবেষকদের মতে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

