spot_img

সবচেয়ে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে নামতে হবে মরক্কোকে

অবশ্যই পরুন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে বড় ধাক্কা খেল মরক্কো। দলের সবচেয়ে ইনফর্ম ফুটবলার, এই বিশ্বকাপে মরক্কোর সবচেয়ে বড় তারকা বনে যাওয়া ফরোয়ার্ড ইসমাইল সাইবারি চোটের কারণে বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ মোহাম্মদ উয়াহবি।

বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উয়াহবি জানান, সাইবারি ছাড়া দলের বাকি সব খেলোয়াড় প্রস্তুত রয়েছেন। তবে তার আশা, এই চোটের কারণে সাইবারিকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে না।

কোচ বলেন, ‘সাইবারি ছাড়া সবাই প্রস্তুত। এই ম্যাচটি তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তবে আশা করি, সে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েনি। আমরা শুধু শতভাগ ফিট খেলোয়াড়দেরই মাঠে নামাব।’

শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ২২ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন সাইবারি। পরে তার চোটের মাত্রা নির্ধারণে একাধিক চিকিৎসা পরীক্ষা করা হয়। দলের বোস্টনে পৌঁছানোর পর করা এমআরআই পরীক্ষায় জানা যায়, চোট গুরুতর নয়। ফলে টুর্নামেন্টের বাকি অংশে তার ফেরার সম্ভাবনা এখনও রয়েছে।

চলতি বিশ্বকাপে মরক্কোর সবচেয়ে উজ্জ্বল পারফর্মারদের একজন সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম গোল, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোল করেন তিনি।

শেষ ষোলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক স্পট কিকও ছিল তার পা থেকেই। ম্যাচটি ছিল তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ক্যারিয়ারের পুরো সময় নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনে কাটানোর পর গত ১ জুলাই প্রায় ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। এতে আশরাফ হাকিমির পর মরক্কোর দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলারেও পরিণত হন সাইবারি।

সাইবারির পরিবর্তে কানাডার বিপক্ষে বদলি হিসেবে নামা সুফিয়ান রহিমিই ফ্রান্সের বিপক্ষে আক্রমণভাগে শুরুর একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে উয়াহবি মনে করেন, শুধু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর না করে পুরো স্কোয়াডের শক্তিই তাদের বড় সম্পদ।

তিনি বলেন, ‘টুর্নামেন্টে অনেক দূর যেতে হলে পুরো দলকে প্রয়োজন হয়। যারা শুরুর একাদশে থাকে না, তারাও জানে ম্যাচের শেষ দিকে নেমে পার্থক্য গড়ে দিতে পারে। আমাদের বিকল্প খেলোয়াড়রাও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। এটাই দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস বাড়ায়।’

উয়াহবির বক্তব্যে আরেকটি ইতিবাচক দিকও স্পষ্ট হয়েছে। সেন্টারব্যাক শাদি রিয়াদের ফেরার সম্ভাবনা বেড়েছে। নায়েফ আগের্দ শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়ার পর রিয়াদই নিয়মিত একাদশে খেলছিলেন এবং ইসা দিয়োপের সঙ্গে ভালো জুটি গড়ে তুলেছিলেন।

তবে চোটের কারণে কানাডার বিপক্ষে খেলতে পারেননি তিনি। তার জায়গায় খেলেন রিদওয়ান হালহাল, যিনি খুব একটা আশ্বস্ত করতে পারেননি। ফলে ফ্রান্সের বিপক্ষে রিয়াদের একাদশে ফেরার সম্ভাবনাই বেশি।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর ফ্রান্সের বিপক্ষে এটি হবে মরক্কোর প্রথম ম্যাচ। ওই ম্যাচে ফরাসিদের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। তবে সেই আসরেই প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে উঠে ইতিহাস গড়েছিল উত্তর আফ্রিকার দেশটি।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ