spot_img

‘তাকে আউটে সব ধরনের অস্ত্রই ব্যবহার করেছি’—হৃদয়ের ভূয়সী প্রশংসায় রাবাদা

অবশ্যই পরুন

২২ রানে ৩ উইকেট ও ১২১ রানের মধ্যে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এর পুরোধায় ছিলেন কাগিসো রাবাদা। সবগুলো উইকেটই শিকার করেছেন তিনি। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটে ৩২৭ রান তুলে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। এতে সবচেয়ে বড় কৃতিত্ব তাওহীদ হৃদয়ের। পাঁচ নম্বরে নেমে ১৩৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন মিডল অর্ডার এই ব্যাটার। দিনশেষে হৃদয়ের প্রশংসা ঝড়েছে রাবাদার কণ্ঠেও।

দক্ষিণ আফ্রিকার এই পেসার বলেন, ‘সে (হৃদয়) দারুণ খেলেছে। আমরা আমাদের সব ধরনের অস্ত্র ব্যবহার করেছি। সত্যিই সবকিছু চেষ্টা করেছি। তাকে কৃতিত্ব দিতেই হবে।’

হৃদয়ের সঙ্গে ৯৯ রানের জুটি গড়া তানজিদ হাসান মনে করেছিলেন, মধ্যাহ্নভোজের বিরতির পর উইকেট ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়ে উঠেছিল। তবে রাবাদা কৃতিত্ব দিতে চান বাংলাদেশের ব্যাটারদেরই। তার মতে, ব্যাটাররা দারুণ শৃঙ্খলা দেখিয়েছেন এবং নিজেদের উইকেট ধরে রেখে খেলেছেন। ফলে দক্ষিণ আফ্রিকাকে উইকেট পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

ওয়ান্ডারার্সের উইকেট কিছুটা ধীরগতির হওয়ায় বাউন্সার দিয়েও প্রত্যাশিত সাফল্য পায়নি দক্ষিণ আফ্রিকা। রাবাদা বলেন, ‘উইকেট কিছুটা ধীর ছিল। আমরা যেভাবে আগ্রাসী বাউন্সার করতে চেয়েছিলাম, বল সেভাবে গতি ও তীব্রতা নিয়ে ব্যাটারের কাছে পৌঁছায়নি।’

তবে সবকিছুর বাইরে দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, ম্যাচের শুরুতে এগিয়ে থেকেও প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়া। ঘুরে দাঁড়ানো ও প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য দক্ষিণ আফ্রিকার সুনাম থাকলেও শুধু সেই দক্ষতা দিয়ে সব সময় ম্যাচ জেতা সম্ভব নয়।

এই জায়গাতেই নিজেদের আরও উন্নতি চান রাবাদা। তার মতে, দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে এখন সবচেয়ে বেশি প্রয়োজন প্রতিপক্ষকে পুরোপুরি চাপে রাখার মানসিকতা। রাবাদার স্পষ্ট উপলব্ধি, ‘আমাদের আরও নির্মম হতে হবে।’

ছয় সপ্তাহেরও কম সময় আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও একই পরিস্থিতিতে পড়েছিল তারা। প্রথম দিন অস্ট্রেলিয়াকে ১২৪ রানে ৬ উইকেটে নামিয়ে এনেও শেষ পর্যন্ত ৩৯০ রান করতে দিয়েছিল প্রোটিয়ারা।

রাবাদার স্মৃতিতে এখনো সেই ম্যাচের কথা রয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও এমন হয়েছিল। আমরা তাদের ১২৪ রানে ৬ উইকেটে ফেলেছিলাম, এরপরও তারা ৩০০-এর বেশি রান করে। আমার মনে হয়, এখানেও পরিস্থিতিটা অনেকটা একই রকম।’

কেন বারবার একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা আরও গভীরভাবে বিশ্লেষণ করতে চান তিনি। রাবাদার মতে, এই সিরিজে খেলা উইকেটগুলোর মধ্যে ওয়ান্ডারার্সই সবচেয়ে বেশি বোলারদের সহায়ক। এমন উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের আরও ভালো করার কথা।

রাবাদা বলেন, ‘আমরা ২০০ রানের জুটি আশা করিনি। তবে আত্মতুষ্টি যেন না আসে, সে বিষয়ে আমরা সতর্ক ছিলাম। আমার মনে হয় না, এই ম্যাচে আমরা আত্মতুষ্টি নিয়ে নেমেছিলাম। পুরো সপ্তাহ কঠোর পরিশ্রম করেছি। আবহাওয়াও অনেক গরম ছিল।’

সর্বশেষ সংবাদ

ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ‘স্টারশিল্ড’-এর গতি সীমিত থাকায় রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে সমস্যায় পড়তে হচ্ছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ