spot_img

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো, মঞ্চ মাতাবেন যারা

অবশ্যই পরুন

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকবে না, দর্শকদের জন্য থাকছে তারকাখচিত আয়োজনও। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে আয়োজিত হবে বিশেষ হাফটাইম শো। সেখানে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের পর ১১ মিনিটের বিশেষ হাফটাইম শোতে অংশ নেবেন তারা।

ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশে আয়োজিত এই অনুষ্ঠানে আরও থাকবেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সদস্যদের নিয়ে গঠিত পিএস বাইশ কোরাস এবং শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের মাপেট চরিত্রগুলো।

এ আয়োজন নিয়ে জাস্টিন বিবার বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বকে একসঙ্গে যুক্ত করতে পারে। অন্য কোনো আয়োজনের সেই ক্ষমতা নেই।’

স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ বিশ্ব সফর বাতিল করার পর চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা সংগীত উৎসবে মঞ্চে ফিরেছিলেন বিবার। সেটিই ছিল গত চার বছরে তার সবচেয়ে বড় সরাসরি পরিবেশনা।

এদিকে ফিফার এই বিশেষ হাফটাইম শোর সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এ অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলে দেওয়া হবে। যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে পারফর্ম করেছিলেন শাকিরা ও বার্না বয়। তাদের পরিবেশিত বিশ্বকাপের থিম গান ‘দাই দাই’ টুর্নামেন্ট শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন ম্যাচে নিয়মিত বাজানো হচ্ছে।

এদিকে মাঠের লড়াইও পৌঁছে গেছে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। অন্য ম্যাচে স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, নরওয়ে লড়বে ইংল্যান্ডের সঙ্গে এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

গোলদাতার তালিকায় এখনো শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার গোল সংখ্যা আট। দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড, দুজনেরই গোল সাতটি। আর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের গোল ছয়টি।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণের লড়াইয়ের পাশাপাশি এবার ফাইনালের বিরতিতেও থাকছে বিশ্বসংগীতের বড় মিলনমেলা। মাঠের উত্তেজনার সঙ্গে তারকাদের জমকালো পরিবেশনা যোগ হয়ে এবারের ফাইনালকে আরও স্মরণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে ভাগ করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লা জেলার মুরাদনগর...

এই বিভাগের অন্যান্য সংবাদ