আইসিসির সবশেষ হালনাগাদ যেন বাংলাদেশের জন্য এক বিশাল সুসংবাদ বয়ে এনেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের রাজসিক পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে র্যাংকিংয়ের পাতায়। মাঠের সেই আগুনঝরা বোলিং আর দায়িত্বশীল ব্যাটিংয়ের পর এবার ব্যক্তিগত অর্জনেও বড় লাফ দিয়েছেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন শান্তরা।
বোলারদের মধ্যে গতির ঝড় তুলে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তরুণ তুর্কি নাহিদ রানা। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে তিনি এখন বোলারদের র্যাংকিংয়ে ৪৮তম স্থানে। পিছিয়ে নেই শরীফুল ইসলামও; ৫ উইকেট শিকার করে ১১ ধাপ এগিয়ে তিনি পৌঁছে গেছেন ২৮ নম্বরে। তবে চমক দেখিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। সিরিজের মাত্র এক ম্যাচ খেলেই ৫ উইকেট তুলে নিয়ে ১৪ ধাপ লাফ দিয়ে তিনি এখন ৪১তম স্থানে।
ব্যাটারদের লড়াইয়ে সবার উপরে সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ১১ ধাপ এগিয়ে তিনি এখন বিশ্ব র্যাংকিংয়ের ৩২ নম্বরে।
অন্যদিকে, ছন্দ ফিরে পাওয়া লিটন দাস ১২৯ রান করে ১৫ ধাপ এগিয়ে ৬৫তম অবস্থানে উঠে এসেছেন। তবে সবচেয়ে বড় সুখবর এসেছে অলরাউন্ডারদের তালিকায়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে যৌথভাবে বিশ্বের তিন নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন মোহাম্মদ নবীর সাথে একই আসনে। অলরাউন্ডারদের শীর্ষে আছেন আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই এবং দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে সিকান্দার রাজা। কিউইদের বিপক্ষে এই সিরিজ জয় কেবল ট্রফিই দেয়নি, লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

