লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার (২৬ এপ্রিল) হামলায় প্রাণ হাড়িয়েছে ২ শিশুসহ কমপক্ষে ১৪ জন।
মূলত, মার্কিন মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল লেবানিজ সরকারের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা একদিনও মেনে চলেনি তেলআবিব। উল্টো বাড়িয়েছে হামলার তীব্রতা।
হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের নামে মাইলের পর মাইল এলাকা থেকে উচ্ছেদের নির্দেশ দিচ্ছে বাসিন্দাদের। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ।
রোববার নতুন করে লিতানি নদী তীরবর্তী আরও ৭টি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয় আইডিএফ। সীমান্ত এলাকায় সেনা সমাবেশও বাড়িয়েছে ইসরায়েল।
এদিকে, লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গত ২ মার্চ থেকে চলমান তেলআবিবের হামলায় দেশটিতে প্রাণহানির শিকার প্রায় আড়াই হাজার মানুষ।

