অনূর্ধ্ব-২০ সাফ চাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানারআপ হয়ে সেমিতে উঠলো বাংলাদেশের যুবারা।
শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।
ম্যাচের শুরুর দিকে প্রথমার্ধের ১৬ মিনিটে কর্নার থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোল খেয়ে আক্রমণের গতি বাড়ায় যুবারা। বেশ কিছু সুযোগ নষ্ট করে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ের ১০ মিনিটে রোনান সুলিভানের দুর্দান্ত কর্নার থেকে পাওয়া বলে নিখুঁত হেড করে বাংলাদেশকে সমতায় ফেরায় আব্দুল রিয়াদ।
দ্বিতীয়ার্ধে আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। তবে গোলপোস্টের নিচে দুর্গ হয়ে দাঁড়িয়ে ছিলেন ভারতের অধিনায়ক সুরাজ সিং। তার বেশ কিছু সেভ বাংলাদেশকে জয়সূচক গোল পাওয়া থেকে বিরত রাখে। গোলপোস্টের নিচে দৃঢ়তার জন্য ম্যাচসেরার পুরস্কার পান সুরাজ সিং।
সেমিফাইনালে আগামী ১ এপ্রিল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন ভূটানের মুখোমুখি হবে ভারত।

