২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই শেষ আটে জায়গা নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেপাল।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানে চার ও ৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। পরে দীপেন্দ্র সিং ঐরি ও সোমপাল কামির দৃঢ়তায় লড়াইয়ে ফেরার চেষ্টা করে তারা। দীপেন্দ্র ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন। সোমপাল ১৫ বলে ২৬ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তোলে নেপাল।
এরপর ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা সাবলীল ছিল ওয়েস্ট ইন্ডিজের। উদ্বোধনী জুটিতে আসে ৪৩ রান। ব্র্যান্ডন কিং ২২ রানে আউট হলেও এরপর আর পেছনে তাকাতে হয়নি। অধিনায়ক শাই হোপ ও শিমরন হেটমায়ারের ৯১ রানের অনবদ্য জুটিতে সহজ জয় তুলে নেয় দলটি।
হোপ ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান করেন। হেটমায়ার ৩২ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেন ৪৬ রান। মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ক্যারিবীয়রা।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৪ পয়েন্ট। স্কটল্যান্ড ও ইতালির পয়েন্ট ২ করে। আর তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হয়েছে নেপালের।

