spot_img

হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি

অবশ্যই পরুন

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের নির্দেশ দেওয়া এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (২১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম অভিযোগ গঠনের আংশিক শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় কারাগারে আটক থাকা ৩০ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পাঁচজন নারী এবং ২৫ জন পুরুষ আসামি ছিলেন। তাদের উপস্থিতিতেই অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী ওমর ফারুক ফারুকী অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে সব আসামির পক্ষে অব্যাহতির শুনানি সম্পন্ন না হওয়ায় আদালত পরবর্তী শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত বছরের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ ছাড়া গত ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। মামলাটি বিচার উপযোগী হওয়ায় গত ১১ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে আয়োজিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। ওই বৈঠকে শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়।

এ বক্তব্য পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ব্লু ইকোনমিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

বাংলাদেশের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞরা। তাদের মতে, সমুদ্রের বিপুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ