spot_img

যুক্তরাষ্ট্রের নজর মধ্যপ্রাচ্যে, রাশিয়ার ওপর যথেষ্ট চাপ দিচ্ছে না ওয়াশিংটন: জেলেনস্কি

অবশ্যই পরুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। তার অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে বিলম্বের কারণে ইউক্রেনীয়দের প্রাণহানি বাড়ছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মস্কোর ওপর যথেষ্ট চাপ দিচ্ছে না ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। কিয়েভের কেন্দ্রস্থলে নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও বিস্ময় প্রকাশ করেন। ওই ছবিতে ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করতে এবং তাকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করতে দেখা যায়।

ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘অবশ্যই, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়। তবে, ব্যাপারটি অদ্ভুত।’

পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করলে বিষয়টি যেমন অস্বাভাবিক হতো, পুতিনকে বন্ধু বলার বিষয়টিও তেমন বলে মন্তব্য করেন তিনি।

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করতে দুই মার্কিন দূত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের যুদ্ধে বিপুল প্রাণহানি বন্ধ করাই এ উদ্যোগের লক্ষ্য। তবে প্রায়ই তাদের অবস্থানে মস্কোর বক্তব্যের প্রতিফলন বেশি দেখা যায়, কিয়েভের স্বার্থের প্রতিফলন তুলনামূলক কম— এমন অভিযোগ ইউক্রেনের।

চলতি মাসের শুরুতে আবুধাবিতে মধ্যস্থতায় সর্বশেষ দফার শান্তি আলোচনা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানছি, সমস্যা ততই বাড়ছে।’ আগামী ডিসেম্বরে আবারও আলোচনা শুরুর কথা রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে তার বৈঠকে রাশিয়াকে ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনাও ‘প্রবল’ বলে মনে করেন ট্রাম্প।

তবে রাশিয়ার প্রকাশ্য বক্তব্যে আলোচনার বিভিন্ন বিষয়ে দেশটির আগের কঠোর অবস্থানেই ফিরে যাওয়ার ইঙ্গিত মিলছে। এদিকে মার্কিন দূতেরা আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের কথা জানালেও শেষ পর্যন্ত তারা বৈঠকে থাকবেন কি না, তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন জেলেনস্কি। ক্রেমলিনও এ অংশগ্রহণে আপত্তি জানাচ্ছে বলে মনে হচ্ছে।

রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া এখন ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি। কারণ, দেশজুড়ে রুশ হামলার সংখ্যা ও প্রাণঘাতী হয়ে ওঠার প্রবণতা বাড়ছে। বেসামরিক মানুষের প্রাণহানিও এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এ পরিস্থিতিতে রাশিয়ার ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে সক্ষম ‘প্রকৃত ও সহায়ক মিত্রদের’ পাশে চেয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও আন্তর্জাতিক মর্যাদার যথাযথ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কির ভাষায়, ‘আগ্রাসীর সঙ্গে যখন আপনি অতিরিক্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, তখন এর অর্থ দাঁড়ায়, আপনি একই সঙ্গে ভুক্তভোগী ও আগ্রাসী— দুই পক্ষকেই সমর্থন করছেন। এটি সঠিক নয়।’

তবে যুক্তরাষ্ট্রের দাবি, শান্তিচুক্তির জটিল প্রক্রিয়ায় দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তারা নিরপেক্ষ অবস্থান নিয়েছে।

আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্রের সংকট

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইউক্রেনের আকাশসীমা রক্ষার লড়াই কঠিন হয়ে উঠছে। দিন-রাত বিরতিহীন বিমান হামলার সতর্কসংকেত এখন দেশটির মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাচ্ছে। পাশাপাশি জেট ইঞ্জিনচালিত ড্রোন দিয়ে প্রতিদিনই রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে আঘাত হানছে। জবাবে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন পাঠাচ্ছে ইউক্রেনও।

জেলেনস্কি জানান, রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হচ্ছেন ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা। এ সক্ষমতা ক্রমেই বাড়ছে বলেও দাবি করেন তিনি। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি এখনো ‘খুবই, খুবই বেশি’। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দিয়েছে এবং সেখানে আরও বেশি সহায়তা করছে— এটা দুঃখজনক। এ নিয়ে আমাদের বড় ধরনের প্রশ্ন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের ঘাটতি মানে মানুষের জীবনের ঝুঁকি।’

এদিকে ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনো সীমিত রয়েছে বলেও নিশ্চিত করেছেন জেলেনস্কি।

বিবিসিকে ইউক্রেনের ড্রোন পরিচালনাকারী সামরিক ইউনিটগুলো জানিয়েছে, স্টারলিংকের সীমাবদ্ধতার কারণে তাদের ইন্টারসেপ্টর ড্রোনের কার্যকারিতা ব্যাহত হচ্ছে। এসব ড্রোন এখন আর রাশিয়ার শাহেদ ড্রোনের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারছে না। ফলে রুশ ড্রোনগুলো বাধাহীনভাবে ইউক্রেনের আরও গভীরে প্রবেশের সুযোগ পাচ্ছে।

এ সিদ্ধান্ত কার— এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘প্রযুক্তিগতভাবে এটি স্পেসএক্সের সিদ্ধান্ত, কিন্তু রাজনৈতিকভাবে কার— তা আমি জানি না, সত্যিই জানি না। বিষয়টি যেন পিংপং খেলার মতো। আমরা এক পক্ষের কাছে জানতে চাইলে তারা বলে, সিদ্ধান্তটি অন্য পক্ষের।’

কঠিন শীতের প্রস্তুতি

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেনের দূরপাল্লার হামলাও বেড়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানি পরিবহনকারী জাহাজ।

বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, চলতি সপ্তাহে পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেওয়ার ঘটনা ভূমধ্যসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে ওই হামলার পক্ষে অবস্থান নিয়েছেন জেলেনস্কি। রুশ যুদ্ধজাহাজ ‘মেরকুরি’কে তিনি ‘সম্পূর্ণ ন্যায্য লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করেন। এ ধরনের হামলা ‘খুবই বিপজ্জনক’— এ কথা স্বীকার করলেও ইউক্রেনের বাহিনী মিত্রদের সঙ্গে সমন্বয় না করে কখনো কোনো অভিযান চালায় না বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

এদিকে সামনে কঠিন ও ঝুঁকিপূর্ণ শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। সাম্প্রতিক সময়ে কিয়েভে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়েছে বিশাল দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলো। ধারণা করা হচ্ছে, এসব সেতুতে হামলার মাধ্যমে রাজধানীকে দুই ভাগে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে মস্কো।

বিদ্যুৎ বিপর্যয় এবং পরিবহন ও সরবরাহব্যবস্থায় হামলার কারণে ব্যবসা পরিচালনার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফলে শীতের আগেই রাজধানী ছেড়ে চলে গেছেন অনেক বাসিন্দা। বন্ধ হয়ে গেছে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। রুশ হামলায় কিয়েভের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া চায় আমরা পালিয়ে যাই, অবশ্যই। মানুষ চাইলে চলে যেতে পারে। কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ থাকে না।’

সর্বশেষ সংবাদ

দীর্ঘ আইনি লড়াই শেষে সমঝোতায় ব্র্যাড-অ্যাঞ্জেলিনা

একসময় ভালোবাসার গল্পে এক হয়েছিলেন তারা। সময়ের সঙ্গে সেই সম্পর্কে ছেদ পড়লেও বিচ্ছেদের পরও আইনি বিরোধে জড়িয়ে ছিলেন হলিউডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ