অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে নিজের নাম ও ছবি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) আইনি নোটিশ পাঠিয়েছেন লিওনেল মেসি, খবর দেশটির একাধিক গণমাধ্যমের। একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও, মেসির অজান্তেই আর্জেন্টিনার আরেকটি বিয়ার কোম্পানিকে তার ছবি ব্যবহারের অনুমতি দেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া।
মূলত, আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির রঙিন অধ্যায়টা শেষ। তবে নতুন ভূমিকায় ২০২৮ কোপা আমেরিকায় মেন্টর হিসেবে তাকে পাওয়ার আলোচনাও চলছে। এরই মধ্যে খবর অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে নাম ও ছবি ব্যবহার বন্ধ করতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন এলএমটেন।
আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন ও এ২৪-বলছে, অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে নিজের নাম ও ছবি ব্যবহার করায় চরম ক্ষুব্ধ মেসি। যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির চুক্তি থাকা সত্ত্বেও, মেসির অজান্তেই আর্জেন্টিনার একটি স্থানীয় বিয়ার কোম্পানিকে তাঁর ছবি ব্যবহারের অনুমতি দেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। আর এতেই ধৈর্যের বাঁধ ভাঙে সাবেক আর্জেন্টাইন অধিনায়কের।
জাতীয় দলের হয়ে খেলা ছাড়া ফেডারেশনের নিজস্ব কোনো ব্যবসার স্বার্থে মেসির ইমেজ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। এএফএ-কে কঠোরভাবে সতর্ক করেছেন মেসির আইনজীবীরা। এমনকি স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে এই ঘটনার জেরে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছেন মেসি।
শুধু বাণিজ্যিক স্বত্বই নয়, ক্ষোভের পেছনে রয়েছে আরও কারণ। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচের চুক্তি ভঙ্গের মামলায় এএফএ-র অব্যবস্থাপনার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে যায় মেসির নাম।
আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা প্রীতি ম্যাচ আয়োজনের জন্য একটি প্রতিষ্ঠান এএফএ-কে ৭ মিলিয়ন ডলার দেয়; যেখানে মেসি খেলবেন বলা হলেও সেই ম্যাচে না খেলে ভিআইপি বক্সে বসে খেলা দেখেন আর্জেন্টাইন সুপারস্টার। এতে ক্ষুব্ধ হয়ে আয়োজক প্রতিষ্ঠানটি প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগে ফ্লোরিডার আদালতে এএফএ এবং খোদ মেসির বিরুদ্ধে ১০টি ধারায় মামলা ঠুকে দেয়।
পরবর্তীতে অবশ্য এর দায় এএফএকেই দেয় মেসির পরিবার।

