spot_img

রাশিয়াকে নিয়ে কড়া বক্তব্য না দিতে ইউরোপীয় দেশগুলোকে পরামর্শ পেন্টাগনের

অবশ্যই পরুন

রাশিয়ার সামরিক হুমকি নিয়ে প্রকাশ্যে কড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে ন্যাটোর কয়েকটি সদস্য দেশকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ইউরোপীয় নেতাদের কিছু মন্তব্য মহাদেশটির নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ন্যাটোর কয়েকটি দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে বার্তা দিয়েছে পেন্টাগন।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযত থাকার পরামর্শ পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া।

তবে ইউরোপের অন্য দেশগুলোকেও একই বার্তা দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই পরামর্শ এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, ইউক্রেন যুদ্ধের অবসানে, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে নতুন করে তৎপরতা শুরু করেছে।

পূর্ণমাত্রার এই যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগে রাশিয়াকে নিষেধাজ্ঞা শিথিলের মতো সুবিধা দেওয়ার প্রস্তাবের পাশাপাশি রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধের চাপও রয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, ‘মিত্রদের মধ্যে ব্যক্তিগত আলোচনা ব্যক্তিগতই থাকে। তাই এসব অভিযোগ নিয়ে আমরা কোনো মন্তব্য করব না।’

রয়টার্সের সূত্রগুলোর একজন জানান, ইউরোপীয় নেতাদের এমন কিছু বক্তব্য মার্কিন কর্মকর্তাদের নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে, ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে রাশিয়া ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে এবং মরিয়া হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধে রুশ অগ্রযাত্রা ধীর হয়ে আসার প্রেক্ষাপটে ইউরোপীয় নেতাদের এমন মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে ওয়াশিংটন।

সূত্রগুলোর দাবি, ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের মাত্রা পর্যালোচনার চলমান প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কোলবি ইউরোপীয় কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। তবে এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের আর কোন কোন কর্মকর্তা জড়িত ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে অবগত তিন ইউরোপীয় কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া পরামর্শের ভাষা বা ধরনে কোনো ধরনের বিরোধপূর্ণ কিংবা আক্রমণাত্মক মনোভাব ছিল না।

রাশিয়াকে উসকানি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ

রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী অবস্থানের বিষয়ে প্রকাশ্যে কীভাবে বক্তব্য দেওয়া উচিত, তা নিয়ে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। পেন্টাগনের সাম্প্রতিক বার্তায় সেই বিতর্কই উঠে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পশ্চিমা কর্মকর্তাদের একাংশের যুক্তি, মস্কোর সামরিক হুমকি নিয়ে অতিরিক্ত আলোচনা করলে তা ক্রেমলিনের স্বার্থই রক্ষা করতে পারে। তাদের মতে, রাশিয়া ইউরোপজুড়ে ভয় ও আতঙ্ক ছড়িয়ে ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন দুর্বল করতে চায়।

তবে অন্য একটি পক্ষ মনে করে, রাশিয়ার হুমকি সম্পর্কে ইউরোপীয় সরকারগুলোর জনগণের কাছে স্বচ্ছ থাকা জরুরি। মস্কোকে মোকাবিলা করতে হলে যে বিপুল সম্পদ ও ত্যাগের প্রয়োজন, তা জনগণকে বোঝানোও সরকারের দায়িত্ব। বিশেষকরে, ইউরোপজুড়ে রাশিয়ার গোপন নাশকতামূলক তৎপরতা বাড়ছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

যদিও ইউরোপজুড়ে এমন কোনো নাশকতামূলক অভিযান পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানান, সম্প্রতি বাল্টিক অঞ্চলের এক কর্মকর্তার সঙ্গে আলোচনায় এলব্রিজ কোলবি বলেছিলেন, রাশিয়াকে উদ্দেশ করে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা তাদের উসকে দিতে পারে। এ প্রসঙ্গে তিনি রাশিয়াকে ‘ইঁদুরের মতো কোণঠাসা’ হয়ে পড়েছে বলে ইউরোপীয় নেতাদের প্রকাশ্য মন্তব্যের উদাহরণ দেন।

তবে কোলবি ঠিক কোন নেতার বা কোন বক্তব্যের কথা উল্লেখ করেছিলেন, তা স্পষ্ট নয়। এর আগে, গত সেপ্টেম্বরের শেষ দিকে, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কোণঠাসা ইঁদুরের’ সঙ্গে তুলনা করেছিলেন।

তার মন্তব্য ছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ক্রমেই আটকে পড়ায় পুতিন ইউরোপে নাশকতামূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকছেন।

পেন্টাগনের সাম্প্রতিক ব্যক্তিগত বার্তার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে আরেক ইউরোপীয় কর্মকর্তা বলেন, ‘আমরা আপনাদের সহায়তা করছি। আমেরিকানরা আপনাদের পাশে আছে। শুধু খুব বেশি সরব হবেন না। হৈচৈ করবেন না।’

সর্বশেষ সংবাদ

নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এসব...

এই বিভাগের অন্যান্য সংবাদ