ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ যেন শেষ হওয়ার নয়। এবার ব্যালন ডি’অরজয়ীদের সেরা মৌসুম বেছে নেওয়ার ভোটেও আর্জেন্টাইন মহাতারকাকে পেছনে ফেললেন রোনালদো। তবে এই লড়াইয়ে ভোট দিতে সমর্থকদের গুনতে হয়েছে অর্থ। প্রতিটি ভোটের মূল্য ছিল ১ ইউরো।
উয়েফা ও ফ্রান্স ফুটবল যৌথভাবে চালু করেছে ‘বোট’ (বেস্ট অব অল টাইম) নামের এই বিশেষ আয়োজন। এতে অন্তত দুবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তি ফুটবলারের সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন সমর্থকেরা। সেই ভোটে রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেয়েছে সবার বেশি সমর্থন। দ্বিতীয় স্থানে রয়েছে মেসির ২০১২ সালের মৌসুম। আর তৃতীয় স্থানেও জায়গা করে নিয়েছেন রোনালদো, এবার ২০১৭ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমের সুবাদে।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন রোনালদো। সেই মৌসুমই ভোটারদের বিচারে সেরাদের সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। পরে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জেতেন পর্তুগিজ তারকা। এর মধ্যে শেষ চারটি পুরস্কারই আসে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়।
অন্যদিকে মেসির সেরা মৌসুম হিসেবে নির্বাচিত হয়েছে ২০১২ সাল। ওই বছর দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলবিশ্বকে মুগ্ধ করেছিলেন আর্জেন্টাইন তারকা। ব্যালন ডি’অর জয়ের সংখ্যায় অবশ্য রোনালদোর চেয়ে এগিয়ে মেসিই। তার ঝুলিতে রয়েছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর, বিপরীতে রোনালদোর সংগ্রহ পাঁচটি।
এই বিশেষ ভোটে অংশ নিতে প্রতিটি ভোটের জন্য সমর্থকদের দিতে হয়েছে ১ ইউরো। মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভোট গ্রহণ শেষ হয়। ভোটে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য ছিল বাড়তি আকর্ষণও। উয়েফা জানিয়েছে, ভোটদাতাদের মধ্য থেকে একজন জিততে পারেন ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট।
মেসি ও রোনালদোর পাশাপাশি এই আয়োজনে জায়গা পেয়েছেন ফুটবল ইতিহাসের আরও আট কিংবদন্তি। তিনবার ব্যালন ডি’অর জেতা মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ ছিলেন তালিকায়। দুবার করে পুরস্কার জেতা রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান, আলফ্রেডো দি স্তেফানো ও কার্ল-হাইনৎস রুমেনিগেও ছিলেন এই বিশেষ ভোটের তালিকায়।

