spot_img

পুতিনের সঙ্গে ট্রাম্পের চুক্তি, অবিলম্বে বাজারে আসছে ৩ লাখ টন ডিজেল

অবশ্যই পরুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে চুক্তি হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী, রাশিয়া অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়বে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমেরিকানদের জন্য এবং প্রকৃতপক্ষে গোটা বিশ্বের জন্য ডিজেলের দাম রেকর্ড পরিমাণে, দ্রুত কমতে থাকবে।’

ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার ডিজেল বাজারে প্রবেশের অনুমতি দিয়ে একটি অস্থায়ী লাইসেন্স জারি করে।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম দ্বিগুণ হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপে পড়েছে রিপাবলিকান পার্টি।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ দশমিক ২৮ ডলার। সেপ্টেম্বরের শেষ দিকে দাম বেড়ে রেকর্ড ৬ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছিল।

এদিকে, পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ ট্রাম্পের ঘোষিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ডিজেল ও জ্বালানি নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের সহযোগিতা বিশ্বের জন্য উপকারী হবে।

তবে এ উদ্যোগের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে দেশটিকে জ্বালানি বিক্রির সুযোগ দিলে তা মস্কোর স্বার্থ রক্ষা করবে এবং চলমান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে।

জেলেনস্কি বলেন, ‘পুতিনকে উপহার দিলে শান্তি আসবে না।’ তাঁর ভাষ্য, ডিজেল বিক্রির সুযোগ পেলে রাশিয়া সেই অর্থ ব্যবহার করে আরও ‘সন্ত্রাস’ চালাবে।

অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) হিসাব অনুযায়ী, রাশিয়ায় ডিজেল উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার ডিজেল সরবরাহের এ উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহ পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩শ’ ৭০ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৪ হাজার ৩৭০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ