রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি জানান, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশ পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। তাঁদের আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে যেতে দেখা গেছে বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

