গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত, হঠাৎ পেটে বিকট গুড়গুড় শব্দ। বিশেষ করে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে কিংবা উপোস করলে পেট থেকে অদ্ভুত নানা ধরনের শব্দ শোনা যায়। অনেকেই মনে করেন, এটি কেবল ক্ষুধা পাওয়ার লক্ষণ। তবে বিষয়টি এতটা সরল নয়। গবেষকদের মতে, পেটের এই শব্দের পেছনে রয়েছে পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম।
পেটের বিচিত্র শব্দের মূল উৎস পরিপাকনালি। এই নালির মাধ্যমেই খাবার মুখগহ্বর থেকে পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত্র এবং সবশেষে বৃহদন্ত্রে পৌঁছায়। পরিপাকনালি নরম ও স্থিতিস্থাপক। খাবার হজম ও পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে এগিয়ে নিতে এই নালির পেশিগুলো ক্রমাগত সংকুচিত ও প্রসারিত হতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘পেরিস্টালসিস’।
পাকস্থলী ও অন্ত্রে সবসময়ই কিছু পরিমাণ তরল, যেমন পানি ও পাচকরস এবং বাতাস থাকে। পেরিস্টালসিসের সময় এসব তরল ও বাতাস পরিপাকনালির ভেতর দিয়ে চলাচল করলে পেট থেকে শব্দ সৃষ্টি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই শব্দকে বলা হয় ‘বরবোরিগমি’।
খাবার খাওয়ার পর পাকস্থলী খাবারে পূর্ণ থাকে। ফলে তরল ও বাতাসের চলাচলের কারণে তৈরি শব্দ অনেকটা চাপা পড়ে যায়। কিন্তু খাবার খাওয়ার প্রায় ৪ থেকে ৬ ঘণ্টা পর পাকস্থলী ধীরে ধীরে খালি হতে শুরু করলে তরল ও বাতাসের চলাচল তুলনামূলকভাবে বেড়ে যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকলে এ কারণেই পেট থেকে গুড়গুড় শব্দ বেশি শোনা যেতে পারে।
এছাড়া খালি পেটে আরেকটি প্রক্রিয়াও সক্রিয় হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথে (এনআইএইচ) প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পাকস্থলী খালি হলে ঘ্রেলিন নামের একটি হরমোন নিঃসৃত হয়। এই হরমোন পরিপাকতন্ত্রকে খাবারের প্রয়োজনের সংকেত দেয়।
এরপর মস্তিষ্ক ও অন্ত্রের স্নায়ুতন্ত্রের সমন্বয়ে খালি পাকস্থলী ও অন্ত্রে জমে থাকা অতিরিক্ত বাতাস, তরল এবং অবশিষ্ট খাদ্যাংশ সরানোর প্রক্রিয়া শুরু হয়। এসময় অন্ত্রের পেশিগুলো দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে থাকে। ফলে তরল ও বাতাসের ওপর চাপ সৃষ্টি হয়ে তুলনামূলক জোরালো শব্দ হতে পারে।
মাঝেমধ্যে পেট থেকে গুড়গুড় শব্দ হওয়া স্বাভাবিক। তবে দিনের বেশির ভাগ সময় এমন শব্দ হতে থাকলে কিংবা দীর্ঘক্ষণ ধরে চলতে থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। চিকিৎসকদের মতে, পেট থেকে শব্দ হওয়ার পাশাপাশি নিচের উপসর্গগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। যেমন- পেটে মোচড় দিয়ে ব্যথা হওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, ক্ষুধা কমে যাওয়া, পেট ফাঁপা বা ভারী লাগা, ঘন ঘন মলত্যাগের বেগ আসা, বারবার কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হওয়া এবং মলের সঙ্গে রক্ত যাওয়া।
এসব উপসর্গের পেছনে অন্ত্রের বিভিন্ন সমস্যা থাকতে পারে। ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) ছাড়াও লিভার বা অগ্ন্যাশয়ের কিছু জটিল রোগের কারণে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তাই শুধু ক্ষুধা পাওয়ার কারণে পেটে শব্দ হচ্ছে ধরে না নিয়ে, এর সঙ্গে অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ আছে কি না, সেদিকেও খেয়াল রাখা জরুরি। উপসর্গগুলো ঘন ঘন দেখা দিলে বা দীর্ঘস্থায়ী হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো।

