শীতের দিনে গরম গরম এক বাটি স্যুপ খেতে কার না ভালো লাগে! এ সময় বাজারে পাওয়া যায় নানা ধরনের তাজা মৌসুমি সবজি। গাজর, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি ও শিম দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর সবজির স্যুপ।
স্বাদ ও পুষ্টির পাশাপাশি শীতের খাবারে বৈচিত্র্য আনতেও সবজির স্যুপ হতে পারে দারুণ একটি পদ। সবচেয়ে ভালো বিষয় হলো, খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়েই তৈরি করা যায় এটি।
যেসব উপকরণ লাগবে
১টি মাঝারি আকারের গাজর কুচি
এক-চতুর্থাংশ কাপ মটরশুঁটি
আধা কাপ বাঁধাকপি কুচি
১টি ছোট পেঁয়াজ কুচি
১টি ছোট টমেটো কুচি
আধা ইঞ্চি আদা কুচি
১ টেবিল চামচ অলিভ অয়েল
৩ কাপ সবজির স্টক অথবা পানি
আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া
আধা চা-চামচ জিরার গুঁড়া
স্বাদমতো লবণ
১ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
যেভাবে তৈরি করবেন
১. সবজি কেটে নিন
প্রথমে সবজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর গাজর, শিম, বাঁধাকপি, পেঁয়াজ ও টমেটো ছোট ছোট করে কেটে রাখুন। সবজি ছোট করে কাটলে দ্রুত সিদ্ধ হবে।
২. আদা-রসুন ও পেঁয়াজ ভাজুন
একটি পাত্রে অলিভ অয়েল গরম করুন। এতে রসুন, আদা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা আঁচে নাড়তে থাকুন। সুগন্ধ বের হলে নামিয়ে না নিয়ে পরের ধাপে যান। তবে উপকরণগুলো বাদামি করে ভাজার প্রয়োজন নেই।
৩. সবজি দিয়ে কষিয়ে নিন
এবার পাত্রে গাজর, শিম, মটরশুঁটি ও বাঁধাকপি দিয়ে তিন থেকে চার মিনিট নেড়ে রান্না করুন। এতে সবজির স্বাভাবিক স্বাদ ও ঘ্রাণ ভালোভাবে ফুটে উঠবে।
৪. স্যুপ রান্না করুন
সবজির মধ্যে টমেটো, সবজির স্টক অথবা পানি, জিরার গুঁড়া, গোলমরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পাত্রটি ঢেকে মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট রান্না করুন। সবজি নরম হয়ে এলে বুঝবেন স্যুপ তৈরি হয়ে গেছে।
৫. পরিবেশন করুন
চুলা বন্ধ করার আগে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী লবণ ও মসলার স্বাদ ঠিক করে নিন। এরপর গরম গরম স্যুপ বাটিতে ঢেলে পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন টোস্ট করা পাউরুটি।
নিজের পছন্দ অনুযায়ী স্যুপে ফুলকপি, ব্রকলি, ভুট্টা কিংবা অন্য মৌসুমি সবজিও যোগ করতে পারেন। শীতের বিকেল কিংবা রাতের হালকা খাবার হিসেবে এই সবজির স্যুপ হতে পারে দারুণ আয়োজন।

