বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় দায়িত্ব পেয়েছেন তিনি। এদিকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিকাংশ নিয়মিত ক্রিকেটারকে। দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি।
ক্রিকইনফোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওয়ানডে সিরিজের জন্য টেস্ট দলের মাত্র তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা হলেন আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি। এর মধ্যে বশ ও ডি জর্জি এখনো কোনো ম্যাচ খেলেননি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটে খেলেছিলেন নরকিয়া। দ্বিতীয় টেস্টেও তার খেলার সম্ভাবনা রয়েছে।
বাভুমা ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত ক্রিকেটার এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজকে সামনে রেখেই এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে নেপাল প্রিমিয়ার লিগে খেলায় দুই সাদা বলের দলেই জায়গা হয়নি ডেভিড মিলারের।
ব্যাটিং বিভাগে থাকছেন কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। দলে জায়গা পেয়েছেন সাইনতেম্বা কেশিলেও। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা এই ব্যাটার সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছেন। টাইটানসের হয়ে সাত ইনিংসে ১৯৭ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে করেছেন ২৭৭ রান। এর মধ্যে ১৪ বলে ফিফটি করে ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন তিনি।
এনগিডির ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। তিনি বলেন, লুঙ্গিকে ফিরে পেয়ে তারা আনন্দিত। টেস্ট দলের সঙ্গে থেকে পুনর্বাসনের শেষ ধাপগুলো সম্পন্ন করেছেন এই পেসার। আবার মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন তিনি। গত মৌসুমে সাদা বলের ক্রিকেটে তার কার্যকারিতা দেখা গেছে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার আশা করছেন কোচ।
নরকিয়ার অন্তর্ভুক্তি নিয়েও আশাবাদী কনরাড। তার মতে, দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফেরার সুযোগ পাচ্ছেন এই পেসার। টেস্ট দলে ফেরার পর যে ছন্দ পেয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজে তা ধরে রাখার ভালো সুযোগ পাবেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্যও পরীক্ষামূলক দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক মার্করাম বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দেবেন বিজর্ন ফোর্টুইন। এর আগে বছরের শুরুতে নামিবিয়ায় দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি দলে ফিরেছেন তরুণ বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। তবে একই চোটে নতুন করে আক্রান্ত হওয়ায় দলে জায়গা হয়নি অটনিল বার্টম্যানের।
কনরাড জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে দুই সাদা বলের সিরিজে জাতীয় দলের বিস্তৃত পরিকল্পনায় থাকা ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগ দিতে চায় দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন কম্বিনেশনও পরীক্ষা করে দেখতে চায় দলটি।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল
কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফোর্টুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সাইনতেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল
বিজর্ন ফোর্টুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সাইনতেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

