লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমতায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে এই অবস্থান নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
আট দিন আগে, রিয়াল বেটিসের কাছে পাওয়া অপ্রত্যাশিত হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। ম্যাচের প্রথম ৩৫ মিনিটেই তিন গোল করে তারা। নতুন মৌসুমে পাঁচ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ জয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বী রায়োর মুখোমুখি হয় লজ ব্লাঙ্কোজরা।
ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আলভারো কারেরাসকে বক্সের ভেতর ফাউল করা হলে স্পটকিক পায় স্বাগতিকরা। সেখান থেকে রায়োর গোলরক্ষক এমিল অডেরোকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান ফরাসি তারকা।
এর মাত্র তিন মিনিট পরই অ্যাসিস্ট করে গোল করান কারেরাসকে। বাম প্রান্ত দিয়ে উঠে আসা এই ডিফেন্ডারকে বল বাড়িয়ে দেন এমবাপ্পে। সুযোগটি কাজে লাগিয়ে জোরালো শটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন কারেরাস।
৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়রের দেওয়া কাট-ব্যাক থেকে দুর্দান্ত আক্রমণ সাজিয়ে সাইড-ফুটে বল জালে পাঠান তিনি।
প্রথমার্ধের শেষদিকে দ্বিতীয় গোলের খুব কাছাকাছি গিয়েছিলেন এমবাপ্পে। জোরালো শটে বল পোস্টে লেগে ফিরে আসায় এবারের লা লিগায় ষষ্ঠ গোলটি পাওয়া হয়নি তার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমায় রায়ো। সার্জিও কামেয়ো গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি রিয়ালের।
যোগ করা সময়ে আবারও গোল করেন এমবাপ্পে। নিচু ও শক্তিশালী শটে দূরের পোস্টের কোনা দিয়ে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
এই জয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে নিজেদের শেষ ১৫টি হোম ম্যাচের ১৪টিতেই জয় পেল রিয়াল মাদ্রিদ।
এদিকে রোববার বাংলাদেশ সময় রাতে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ওই ম্যাচে জয় পেলে রিয়ালের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাবে কাতালান ক্লাবটি।

