ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠককে ইরান যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।
আবুধাবির পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা প্রশমন, সংঘাতের মাত্রা কমানো এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা জোরদারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে অঞ্চলটির জনগণের জন্য শান্তি ও উন্নয়নের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।
তবে বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা সমঝোতা হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা কমাতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে ব্রিকস জোটের একটি যৌথ বিবৃতিতে সই করে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। এর পরদিনই দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

